কুড়িগ্রামের উলিপুরে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে যথাযথ উদ্যোগ না থাকায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। প্রতিদিন অনেক কৃষক উপজেলা কৃষি কার্যালয়ে এসে কৃষি পুনর্বাসনের সার ও বীজ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার-বীজের আশায় এসে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের চেয়ে বরাদ্দ কম পাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।গত বৃহস্পতিবার উপজেলা কৃষি কার্যালয়ে সার ও বীজের জন্য এসেছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত হাতিয়া ইউনিয়নের সোনারপাড় গ্রামের কৃষক নুরুজ্জামান (৬০), নয়াডারা গ্রামের মোহাম্মদ আলী (৫০) ও ইয়াকুব আলী (৪৫)। তাঁরা জানান, দুই দফা বন্যায় তাঁদের আট একর জমির আমন ধান নষ্ট হয়েছে। কৃষি ছাড়া অন্য কোনো আয়ের পথ না থাকায় এখন তাঁদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাঁদের হাতে সার-বীজ কেনার অর্থ নেই। নিরুপায় হয়ে কৃষি কার্যালয়ে এসেছিলেন। কিন্তু কিছু না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে দুই দফা বন্যায় উপজেলার নয়টি ইউনিয়নের ৪৪ হাজার কৃষকের ছয় হাজার ২৭৩ হেক্টর আমন ধান নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বরাদ্দ চেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চিঠি দেওয়া হলে চার হাজার ৩২৫ জন কৃষকের জন্য সরিষা, গম ও ভুট্টার বীজ এবং সার বরাদ্দ পাওয়া যায়।উপজেলা কৃষি কার্যালয় গত সপ্তাহে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করে। ধরনীবাড়ী ইউনিয়নে ৩২০ জন, হাতিয়া ইউনিয়নে ৮২৫, ধামশ্রেণী ইউনিয়নে ১১০, বজরা ইউনিয়নে ১৬০, থেতরাই ইউনিয়নে ১০০, দুর্গাপুর ইউনিয়নে ১৬০, বুড়াবুড়ি ইউনিয়নে এক হাজার ২৪০, বেগমগঞ্জ ইউনিয়নে ৯৩০ এবং সাহেবের আলগা ইউনিয়নে ৪৮০ জন কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।