সার কারখানার আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
আরও দুই সার কারখানার পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন ঘোড়াশাল সার কারখানার এবং একজন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার। তাঁদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার কারখানা দুটির কর্তৃপক্ষ সূত্র এ তথ্য জানায়।এর আগে ১১ এপ্রিল সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার আটজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। কারখানা কর্তৃপক্ষকে না জানিয়ে চাকরি নিয়ে আলজেরিয়া যাওয়ার পথে তিন সার কারখানার ১৩ জনকে ৯ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। তাঁরা পরিচয় গোপন করে ও অনুমোদন ছাড়া কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া যাচ্ছিলেন।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার বিদেশ সফরের ক্ষেত্রে জিও বা সরকারি অনুমোদন ও লিয়েন নিতে হয়। কিন্তু এই ১৩ জনের কেউ এই নিয়ম মানেননি। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান গোলাম রব্বানী গতকাল প্রথম আলোকে জানান, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে স্ব স্ব কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর কর্মকর্তাদের ব্যাপারে বিসিআইসি চাকরি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে।