সার কারখানার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামে একটি জৈব সারের কারখানা থেকে নির্গত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। কারখানাটি বন্ধের দাবিতে এলাকার মানুষ ৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, কাজী ফার্মস লিমিটেডের উত্তরা জৈব সার কারখানা থেকে নির্গত দুর্গন্ধ ইউনিয়নের হারাদিঘী, লালগজ, সরকারপাড়া, বালাবাড়িসহ বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে। এতে সব বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছে। স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে।
সরেজমিনে দেখা গেছে, কাজী ফার্মস লিমিটেডের উত্তরা সার কারখানাটি পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র ছাড়াই গত ৪ ডিসেম্বর থেকে উৎপাদন শুরু করে। কারখানাটির চারপাশে কোনো সীমানাপ্রাচীর নেই। এতে রংপুরসহ দেশের অন্যান্য এলাকা থেকে মুরগির বিষ্ঠাসহ নানা রকম ময়লা-আবর্জনা ট্রাকে করে এনে কারখানার উন্মুক্ত জায়গায় ফেলা হয়। এ ছাড়া কারখানার কাজও সম্পূর্ণ শেষ হয়নি। কেবল একটি ছাউনির কাজ শেষ হয়েছে। কারখানাটি শালবাহান বাজার ও রাস্তার পাশে হওয়ায় লোকজন চলাফেরাও করতে পারছে না।
গিতালগছ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলামের সময় কম লাগে বলে এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করেন। তিনি জানান, এখন তাঁকে তিনটি ইউনিয়ন পার হয়ে প্রায় ১২ কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হচ্ছে।
হারাদিঘী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আনিছুর রহমান ও প্রধান শিক্ষক আজিজার রহমান জানান, রাতের বেলা দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদি হাসান ও নবম শ্রেণির আসিফ জানায়, দুর্গন্ধের কারণে তারা স্কুলেই বমি করেছে।
এদিকে ৫ জানুয়ারি এলাকার মানুষের লিখিত অভিযোগের পর ৬ জানুয়ারি নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা ভেটেরিনারি সার্জনকে বিষয়টি তদন্ত করে ১৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং তদন্ত কমিটির সদস্য কামরুজ্জামান বলেন, তদন্ত হয়েছে। ভেটেরিনারি সার্জন শহিদুল ইসলাম প্রতিবেদন জমা দেবেন। কিন্তু তিনি ঢাকায় থাকায় ফিরে এসে প্রতিবেদন জমা দেবেন বলে জানা যায়।
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক উসমান গনি বলেন, উত্তরা কাজী ফার্ম নামে কোনো কোম্পানি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি।
কাজী ফার্মের নির্বাহী পরিচালক কাজী রেজাউল ইসলাম বলেন, কারখানাটি থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার কাজ চলছে বলে জানান।
তেঁতুলিয়া ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।