সার কারখানার ২ লাখ টাকা জরিমানা
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণাসহ পাঁচটি অপরাধে যশোর সদর উপজেলার শাহাপুর গ্রামের একটি সার কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান এ আদালত পরিচালনা করেন।
কারখানাটির নাম সুফলা এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। সেখানে অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ। এতে র্যা ব-৬-এর সদস্যরা সহায়তা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত সার তৈরির কারখানাটিতে উপস্থিত হন। এ সময় আদালত তদন্ত করে দেখেন, ‘আমেরিকান সুপার জিংক’ লেখা-সংবলিত প্যাকেটে নিজেদের কারখানার উৎপাদিত দস্তা সার প্যাকেটজাত করা। প্যাকেটের গায়ে উৎপাদন ও প্যাকেটজাতকরণের তারিখ লেখা নেই। দুই বছরের স্থলে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে পাঁচ বছর। কারখানাটির ব্র্যান্ড নামের অনুমতিপত্র ও রসায়নবিদ নেই। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে নেওয়া ছাড়পত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এসব কারণে কারখানাটিকে জরিমানা করা হয়।