সার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর সুপারিশ
কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ করতে এবং কৃষকবান্ধব পরিবেশ অক্ষুণ্ন রাখতে সার কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সার কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়া এবং সারের উৎপাদন কমে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে জানানো হয়েছে, গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণে সার কারখানাগুলোতে উৎপাদন কমে গেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিসিআইসির অধীন যমুনা ফার্টিলাইজার কোম্পানির ওপর উত্থাপিত ১১টি নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয় বৈঠকে। কমিটি এসব আপত্তি নিষ্পত্তির সুপারিশ করেছে। আপত্তিতে বলা হয়েছে, ওই সময়ে কারখানার সামগ্রিক উৎপাদন ক্ষমতা নিম্নমুখী ছিল। উৎপাদন ক্ষমতার ভিত্তিতে প্রকৃত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণে দূরদর্শিতার অভাব থাকায় ১৭ হাজার টন সার কম উৎপাদন হয়েছে। এতে সরকারের ক্ষতির পরিমাণ ছিল সাড়ে আট কোটি টাকা।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, আবদুস শহীদ, মো. মোসলেমউদ্দিন, মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, আফসারুল আমীন, শামসুল হক, মইন উদ্দীন খান বাদল, রেবেকা মমিন ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।