সার কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর সুপারিশ
কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ বাড়াতে এবং কৃষক বান্ধব পরিবেশ অক্ষুণ্ন রাখতে সার কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সার কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী অব্যাহতভাবে গ্যাসের সরবরাহ ও সারের উৎপাদন কমে যাওয়ার সংসদীয় কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে এই সুপারিশ করেছে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে জানানো হয়েছে, গ্যাসের সরবরাহ কমে যাওয়ার সার কারখানাগুলোতে উৎপাদন কমে গেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিসিআইসির অধীন যমুনা ফার্টিলাইজার কোম্পানির ওপর উত্থাপিত ১১টি নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। কমিটি এসব আপত্তি নিষ্পত্তির সুপারিশ করেছে। আপত্তিতে বলা হয়েছে, ওই সময়ে কারখানার সামগ্রিক উৎপাদন ক্ষমতা নিম্নমুখী ছিল। উৎপাদন ক্ষমতার ভিত্তিতে প্রকৃত উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণে দূরদর্শিতার অভাব থাকায় ১৭ হাজার টন সার কম উৎপাদন হয়েছে। এতে সরকারের ক্ষতির পরিমাণ ছিল সাড়ে আট কোটি টাকা।
আপত্তিতে আরও বলা হয়, অনুমোদিত হার অপেক্ষা অধিক হারে কাঁচামাল ব্যবহার করায় সারের উৎপাদন ব্যয় বেড়ে যায়। একই সময়ে শ্রমিক-কর্মচারীদের অধিককাল ভাতা খাতে অতিরিক্ত ব্যয় করা হয়েছে। যে কারণে সার কারখানাটি আর্থিক ক্ষতিতে পড়ে। এসব আপত্তির পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, আবদুস শহীদ, মো. মোসলেমউদ্দিন, মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, আফসারুল আমীন, শামসুল হক, মইন উদ্দীন খান বাদল, রেবেকা মমিন ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।