সার কারখানায় নকল রাসায়নিক সরবরাহের অভিযোগে মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় নকল রাসায়নিক সরবরাহ করে প্রায় দুই কোটি ৩৩ লাখ টাকার বিল হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত সোমবার কারখানার উপব্যবস্থাপক (বাণিজ্যিক) জাকির হোসেন বাদী হয়ে জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র দত্ত এবং কন্টিনেন্টাল ইন্সপেকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল্লাহকে আসামি করে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন। স্বপন চন্দ্র দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) ছোট ভাই বলে জানান তিনি।
সার কারখানা ও মামলার আরজি সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ ২০১৩ সালের ১০ জানুয়ারি এক হাজার আট মেট্রিক টন প্যারা-ফরমালডিহাইড সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আপন ইমপোর্ট সেন্টার’ চায়নিজ কোম্পানি ‘মেসার্স ভিক্টোভো লিমিটেড’-এর দেশীয় এজেন্ট হিসেবে আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। পরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র দত্ত ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম দফায় কারখানা কর্তৃপক্ষের কাছে ২৮২ মেট্রিক টন নকল প্যারা-ফরমালডিহাইড সরবরাহসহ আনুষঙ্গিক ব্যয় দেখিয়ে দুই কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৯০০ টাকার বিল তুলে নেন।
কারখানা কর্তৃপক্ষ পরীক্ষাগারে পরীক্ষা করে সরবরাহ করা রাসায়নিকে কোনো প্রকার প্যারা-ফরমালডিহাইডের উপাদান খুঁজে না পাওয়ায় দরপত্রের শর্ত অনুযায়ী সঠিক রাসায়নিক সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার অনুরোধ করে। কিন্তু একাধিকবার অনুরোধের পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
কারখানার উপব্যবস্থাপক (বাণিজ্যিক) জাকির হোসেন বলেন, ‘বিসিআইসির নিয়োজিত কন্টিনেন্টাল ইন্সপেকশন কোম্পানি আমদানি করা রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার কাজ করে। এ ক্ষেত্রে রাসায়নিক পরীক্ষা করে তারা ভুল তথ্য দেয়। কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ কন্টিনেন্টাল ইন্সপেকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল্লাহকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে বিসিআইসির চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’ এ ব্যাপারে জানতে চাইলে স্বপন চন্দ্র দত্ত বলেন, সরবরাহ করা রাসায়নিকে সামান্য ত্রুটি থাকতে পারে।