সার কারখানায় সরবরাহ বাড়ানোয় বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) গ্যাস সরবরাহ চালুর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের আবাসিক এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। গতকাল রোববার সকাল থেকে অন্তত চার ঘণ্টা নগরের বেশির ভাগ বাড়িতে রান্নার চুলায় গ্যাসের সরবরাহ ছিল না। এ নিয়ে গৃহিণীদের ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁয়ও রান্নাবান্নার কাজে বিঘ্ন ঘটে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) সূত্রে জানা যায়, প্রয়োজনমতো গ্যাস সরবরাহ করতে না পারার কারণে ১৬ অক্টোবর পর্যন্ত প্রায় ছয় মাস বন্ধ ছিল সিইউএফএল। দেশে সারের উৎপাদন বাড়াতে সরকারি উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ১৭ অক্টোবর থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ বাড়ানো শুরু হয়। এর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের গৃহস্থালি ব্যবহারের গ্যাসের চাপ কমতে শুরু করে বলে জানা যায়। কেজিডিসিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। এ কারণে সংকট দেখা দিয়েছে। শিগগির জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো না হলে চট্টগ্রামে এ সংকট আরও তীব্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।জানা যায়, গতকাল সকাল থেকেই নগরের বেশ কয়েকটি আবাসিক এলাকায় গ্যাস ছিল না। এগুলোর মধ্যে বাকলিয়া, রহমতগঞ্জ, লাভ লেইন, জামাল খান আবাসিক এলাকা তিন থেকে চার ঘণ্টা গ্যাস ছিল না। কর্ণফুলী গ্যাস কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, চান্দগাঁও আবাসিক এলাকায় সকাল থেকে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। জামাল খান আবাসিক এলাকার গৃহিণী পারভিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে চুলায় গ্যাস নেই। তাই সকালের নাশতা ও দুপুরের আহার হোটেল থেকে কিনে খেয়েছি।’ বিকেলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে তিনি জানান। কেজিডিসিএল সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের চাহিদা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ২৪০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁরা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল) গ্যাস সরবরাহ করতে শুরু করেন। এদিকে রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহও বন্ধ হয়নি। ফলে সকালে আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কমে যাচ্ছে। কোথাও কোথাও একেবারে বন্ধও হচ্ছে।