সার গুদামে, টাকা ব্যাংকে, পাটচাষি পাবেন কবে?
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন গ্রামের পাটচাষিদের জন্য আসা সার গুদামে ও টাকা ব্যাংকে দেড় মাস ধরে পড়ে রয়েছে।
ফুলপুর উপজেলা পাট উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার ২০টি ইউনিয়নে প্রায় এক হাজার পাটচাষি রয়েছেন। এর মধ্যে ১০০ চাষিকে প্রশিক্ষণ ও বাকি চাষিদের সার দেওয়ার জন্য এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে তিন লাখ টাকা ও ২৫০ বস্তা জৈব সার আসে। সরকারের স্থানীয় কোনো গুদামে জায়গা না থাকায় তা সার পরিবেশক রিয়াল এন্টারপ্রাইজের গুদামে রাখা হয়েছে। রিয়াল এন্টারপ্রাইজের সাজ্জাদ হোসেন বলেন, ‘জায়গা না থাকায় সার আমাদের গুদামে রাখা হয়েছে।’
পাট চাষের আগে ওই টাকা দিয়ে কৃষকদের প্রশিক্ষণ এবং ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়ার কথা। উপজেলার রূপসী ইউনিয়নের ঘুমগাঁও গ্রামের পাটচাষি নুরুল ইসলাম (৮০) বলেন, ‘প্রতিবছর শুধু আমাদের নাম লেখা হয়। প্রশিক্ষণ ও সার—কিছুই তো পাই না। এগুলো নেয় কে?’ একজন কৃষক বলেন, ‘দেখেন, পাটখেত কত উঁচু হয়েছে। এখন প্রশিক্ষণ নিয়ে ও সার এনে কী করব?’
ফুলপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল জলিল বলেন, ‘টাকা ও সার আমাদের কাছে দেরিতে আসে। যত দিন দেরিতে আসবে, তত দিন কৃষক দেরিতে পাবেন।