সার-ডিজেল সংকটে কৃষক
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তিন দফা অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থানে কৃষি উপকরণ সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। কৃষকেরা সময়মতো ও চাহিদামাফিক সার, বীজ ও জ্বালানি তেল পাচ্ছেন না। নয়টি জেলা শহর ও ছয়টি উপজেলা ঘুরে এ চিত্র পাওয়া গেছে। এসব এলাকার কৃষকেরা বাড়তি দাম দিয়ে সার, বীজ ও ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন। তবে কিছু কিছু এলাকায় বাড়তি টাকা দিয়েও এসব কৃষি উপকরণ পাওয়া যাচ্ছে না।
রাজশাহীর পবা উপজেলার ঘিপাড়া গ্রামের কৃষক মুস্তাফিজুর রহমান আলু চাষের জন্য ১০ বিঘা জমি প্রস্তুত করেছেন। কিন্তু সার না পেয়ে তাঁর আলু চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আলু চাষের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার তিনি কিনতে পারছেন না।
জেলার সার-সংকটের কথা জানালেন সারের গুদামের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও। তিনি বলেন, বাফার গুদামে এক হাজার ৮২ টন ইউরিয়া সারের মজুত রয়েছে। কিন্তু ডিসেম্বরে ডিলারদের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ হাজার ৯১০ দশমিক ৫০ টন। এই বরাদ্দের বাকি সার অবরোধের কারণে আনা সম্ভব হচ্ছে না।
লালমনিরহাটের পাটগ্রামের চিত্রও একই। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ১০০-১৫০ টাকা বেশি দামে সার বিক্রি হচ্ছে। তবে বাড়তি দামে সার বিক্রয় হচ্ছে না অস্বীকার করে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম সিদ্দিকী বলেন, অবরোধের কারণে ডিলাররা সার আনতে পারছেন না। তাই একটু সংকট হতে পারে।
এখন রংপুরে অনেক কৃষকই আলু চাষে ব্যস্ত। সেই সঙ্গে চলছে রবি ফসলের চাষ। রংপুর সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, রবি মৌসুমে আলুর চাষাবাদে রংপুর জেলায় গড়ে প্রতিদিন ২০০ মেট্রিক টন সারের প্রয়োজন। কিন্তু অবরোধের কারণে ডিলাররা যশোরের নোয়াপাড়া থেকে সার আনতে পারছেন না।
রংপুরের তারাগঞ্জ, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলাতেও সারের সংকট রয়েছে। সারের অভাবে জমিতে আলু লাগাতে না পারায় নষ্ট হচ্ছে বীজ। ধানের দামও কমেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা ধানের দাম কমপক্ষে ১০০ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকায়।
বগুড়ায় খুচরা পর্যায়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে। ডিলারদের কাছ থেকে কৃষকেরা নির্ধারিত মূল্যে প্রতি বস্তা (৫০ কেজি) সার ৮০০ টাকার বদলে ৮৫০ থেকে ৯০০ টাকায় কিনছেন। বেশি দামে সার বিক্রি করা হলেও রসিদে দেখানো হচ্ছে ৮০০ টাকা।
সিলেটে কৃষকেরা ডিলারদের কাছ থেকে ইউরিয়া সারের ৫০ কেজির বস্তা সাড়ে ৭০০ থেকে ৮৫০ টাকায় কিনতেন। বর্তমানে একই সার ডিলারদের কাছ থেকে ৯৫০ থেকে এক হাজার ৫০ টাকায় কিনতে হচ্ছে। টিএসপি সারের দাম ৯৫০ থেকে এক হাজার টাকার বদলে বিক্রি করা হচ্ছে এক হাজার ১০০ টাকায়।
খুলনা ও বরিশাল জেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকলেও অবরোধের কারণে তা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে সমস্যা হচ্ছে।
বরিশালের যমুনা তেল ডিপো সূত্র জানায়, ডিপোতে দুই লাখ লিটার পেট্রল, ছয় লাখ লিটার কেরোসিন এবং ২৫ লাখ লিটার ডিজেল মজুত রয়েছে। টানা অবরোধের কারণে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ বগুড়ার আদমদীঘি উপজেলায় সার ও জ্বালানি তেল পরিবহন ব্যাহত হচ্ছে।
সার ও ডিজেলের সংকটের একই চিত্র পাওয়া গেছে জয়পুরহাট, নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরব ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ ও ভৈরবের নিজস্ব প্রতিবেদক এবং খুলনা, বরিশাল, পঞ্চগড়, জয়পুরহাট, রংপুর, নারায়ণগঞ্জ, পাটগ্রাম, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও ক্ষেতলাল প্রতিনিধি]।