ভর্তুকির সার
সার তোলায় অনিয়ম, ঠকছেন চাষি
বরাদ্দের অধিকাংশ সার আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে দেন ডিলাররা।
■ সরকার-নির্ধারিত প্রতি বস্তা (৫০ কেজি) টিএসপি সারের খুচরামূল্য ১ হাজার ১০০ টাকা।
■ প্রতি বস্তা এমওপি সারের দাম ৭৫০ টাকা এবং ডিএপি ৮০০ টাকা।
ডিলারদের জন্য বরাদ্দ করা ভর্তুকির সার সরকারি নীতিমালা লঙ্ঘন করে আমদানিকারকদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা তুলে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের হাত থেকে সেই সার চলে যাচ্ছে অননুমোদিত খুচরা ব্যবসায়ীদের কাছে। এর ফলে ভর্তুকির সার কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে। এ নিয়ে মাঠ পর্যায়ে কোনো তদারকি নেই বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
সরকারের নীতিমালায় রয়েছে, ডিলারদের অনুকূলে বরাদ্দ করা সার ডিলার নিজে উত্তোলন করবেন অথবা তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর মধ্য থেকে একজনকে উত্তোলনের ক্ষমতা দেবেন। ডিলার মনোনীত প্রতিনিধির ছবি প্রত্যয়ন করে লিখিতভাবে এ ক্ষমতা দেবেন।
দেশের সবচেয়ে বড় সার বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায়। এখান থেকে দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোয় সার যায়। খোঁজ নিয়ে জানা গেছে, নওয়াপাড়ায় দুই শতাধিক ক্ষুদ্র সার ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ডিলার নওয়াপাড়ায় না এসে তাঁদের মাধ্যমে কাগজে-কলমে সার উত্তোলন দেখান। এরপর ডিলাররা বরাদ্দের অধিকাংশ সার আমদানিকারক ও
ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে দেন। তাঁরা নিজ নিজ উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে সারের ভুয়া আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) সংগ্রহ করছেন। এভাবে আমদানিকারক, ডিলার, বিক্রয় প্রতিনিধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ঘুরে সার যাচ্ছে কৃষকের কাছে।
নওয়াপাড়ার ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী মোল্যা প্রথম আলোকে বলেন, ডিলারদের কাছ থেকে সার কিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্রি করেন। এসব দেখার কেউ নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, কৃষক পর্যায়ে সরকার-নির্ধারিত প্রতি বস্তা (৫০ কেজি) টিএসপি সারের খুচরামূল্য ১ হাজার ১০০ টাকা। এমওপি ৭৫০ টাকা এবং ডিএপি ৮০০ টাকা।
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের চৈরখোর গ্রামের কৃষক আবদুল হালিম জানান, এমওপি সার আসার কথা শুনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিলারের কাছে গিয়ে দেখেন, সার শেষ হয়ে গেছে। এখন বাইরে থেকে ১ হাজার টাকা থেকে ১ হাজার ১০০ টাকায় এমওপি সার নিতে হচ্ছে। আর টিএসপি কিনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা বস্তা।
চারঘাট উপজেলার রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, টিএসপি সার কয়েকদিন আগে তিনি ১ হাজার ৩০০ টাকা বস্তা এবং এমওপি সার ৯৫০ টাকায় কিনেছেন। একই উপজেলার বুদিরহাট গ্রামের কৃষক হবিবুর রহমান জানান, গত ফেব্রুয়ারিতেই এক বস্তা টিএসপি সার তিনি ১ হাজার ৪০০ টাকায় এবং এক বস্তা এমওপি ৯০০ টাকায় কিনেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের মোল্লা ট্রেডার্স নামে একটি ডিলারশিপ রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির নামে ১০ টন টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার বরাদ্দ দেওয়া হয়। নিয়মানুযায়ী প্রতিষ্ঠানের মালিক এই সার উত্তোলনের জন্য নওয়াপাড়ায় যাননি। এমনকি তাঁর প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে সার উত্তোলনের ক্ষমতা দেননি। তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিয়েছেন, যাতে সার উত্তোলনের ক্ষমতা দেওয়ার নামের ঘরটি ফাঁকা রয়েছে।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বারবার সার আনতে নওয়াপাড়ায় যেতে তাঁদের খরচ বেড়ে যায়। এ জন্য আমদানিকারকদের তিনি দায়িত্ব দিয়ে রাখেন। তাঁরা সার উত্তোলন করে পাঠিয়ে দেন। নির্দিষ্ট করে আমদানিকারকের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নওয়াপাড়ার ফারুক ভাইকে দায়িত্ব দিয়ে রাখি।’
আরও কয়েকজন ডিলারের প্রত্যয়নপত্র ঘেঁটে দেখা গেছে, একইভাবে তাঁরা বরাদ্দ এমওপি (মিউরেট অব পটাশ) ও ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার উত্তোলনের ক্ষমতা নওয়াপাড়ার স্থানীয় ব্যবসায়ীদের দিয়েছেন, যা বেআইনি।
জানা গেছে, সরকার বিএডিসির মাধ্যমে সরাসরি বিদেশ থেকে অ-ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সার আমদানি করে। এ ছাড়া সরকার–নির্ধারিত বেসরকারি সার আমদানিকারকদের মাধ্যমে সার আমদানি করা হয়। এ সারে সরকার ভর্তুকি দেয়। সরকার–নির্ধারিত কৃষক পর্যায়ে সর্বোচ্চ বিক্রয়মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দায়িত্ব জেলা সার ও বীজ মনিটরিং কমিটির। কোনো আমদানিকারক বা ডিলার যদি বেশি দামে সার কেনাবেচা করেন এবং তা প্রমাণিত হয় তবে নিবন্ধন বাতিল, কালো তালিকাভুক্ত করা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
রাজশাহীর একজন সাব–ডিলার (খুচরা সার বিক্রেতা) নাম প্রকাশ না করার শর্তে বলেন, নওয়াপাড়ার ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সার কিনে আনতে হয়। এ জন্য তিনি কয়েক মাস আগে সার বিক্রি বন্ধ করে দিয়েছেন।
জানতে চাইলে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন প্রথম আলোকে বলেন, এ রকম অভিযোগ তাঁদের নজরে আসেনি। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপঙ্কর দাশ বলেন, সারের পর্যাপ্ত মজুত আছে। কোথাও কোনো সংকট নেই। বেশি দামে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এ পর্যন্ত কোনো কৃষক বেশি দামে সার কেনার অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।