বন্যাকবলিত গাইবান্ধা ও বগুড়া সফরে প্রধানমন্ত্রীর আশ্বাস
সার, বীজ নিয়ে কৃষককে ভোগান্তি পেতে হবে না

উত্তরাঞ্চলের বন্যাদুর্গত জনগণের পুনর্বাসনে বর্তমান সরকার ১১৭ কোটি টাকার প্রকল্প শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা, বীজ ও সার নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এ আশ্বাস দেন। পরে বন্যাকবলিত বগুড়ায় যান তিনি।
গোবিন্দগঞ্জে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে গৃহীত কর্মসূচির আওতায় আগামী বোরো ফসল ঘরে তোলার আগ পর্যন্ত কৃষকেরা নানা সুবিধা পাবেন। উত্তরবঙ্গের ছয় জেলার ছয় লাখ কৃষক আগামী ফসল তোলার আগ পর্যন্ত বোরো ফসলের ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী জানান, একই সঙ্গে সরকার কৃষকদের সহায়তার জন্য ৫৮ কোটি ৭৭ লাখ টাকার প্রণোদনা প্রকল্প গ্রহণ করেছে। যেখানে একজন কৃষক ১০ থেকে ২০ কেজি ডিএপি ও ৫ থেকে ১৫ কেজি এমওপি সার পাবেন। কাজেই কৃষকদের আর সার ও বীজ নিয়ে ভোগান্তি পোহাতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, যে কৃষকেরা ধান ছাড়া অন্য ফসল উৎপাদন করতে চান এমন স্বল্পসংখ্যক কৃষকের মধ্যে অন্যান্য শস্যবীজও দেওয়া হবে।
সরকারপ্রধান তাঁর বক্তৃতায় বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। কৃষিঋণ অব্যাহত থাকবে এবং আপনাদের ভাগ্য পরিবর্তনে যা যা করণীয়, আমরা করব।’ পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা কনফারেন্স হলে জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সম্পর্কে তাঁদের সচেতন করেন।
প্রধানমন্ত্রী বিকেলে বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করেন। এ সময় দেওয়া বক্তৃতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, কেউ খাদ্যের অভাবে কষ্ট পাবে না। আমরা চাই দেশের মানুষ যাতে কোনোভাবেই কষ্ট না পাক। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।’ তিনি বলেন, ‘যেসব এলাকায় ধান ছাড়াও অন্য ফসল হতে পারে, সেসব ফসলের জন্য সাহায্য দেওয়ার বিশেষ ব্যবস্থা নিচ্ছি আমরা।’
ত্রাণসামগ্রী বিতরণ শেষে প্রধানমন্ত্রী সারিয়াকান্দি ডিগ্রি কলেজে জেলা ও উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যান।