সার বোঝাই জাহাজ আটকা
চট্টগ্রাম থেকে ৫৩৫ মেট্রিক টন সার নিয়ে বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা জাহাজ এমভি রওনাক দৌলতদিয়া পৌঁছেছে ১৩ জানুয়ারি। পদ্মা ও যমুনা নদীর নৌপথগুলোয় নাব্যতা সংকটের কারণে ১৭ দিন ধরে জাহাজটি দৌলতদিয়া ঘাটে নোঙর করে রয়েছে। এ জাহাজের প্রধান মাস্টার মো. শাকিল আহামেদ জানান, মালবোঝাই জাহাজগুলো দৌলতদিয়ার পর থেকে বাঘাবাড়ী পর্যন্ত নৌপথের বিভিন্ন স্থানে ডুবোচরে আটকে পড়ে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের অদূরে নোঙর করে ইঞ্জিনচালিত ট্রলারে করে সার নগরবাড়ী ও বাঘাবাড়ী বন্দরে পৌঁছে দিতে হয়। কিন্তু ট্রলারের অভাবে মাল খালাস করতে না পারায় এখন অনেক জাহাজকে নোঙর করে থাকতে হচ্ছে। গত বৃহস্পতি ও শুক্রবার পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় মাঝনদীতে সারবাহী ২১টি কার্গো ও জাহাজ নোঙর করে আছে। এগুলো হলো: এমভি মাস্টার মাহিন, কুইন অব মুন, এ কে এম শাহনেওয়াজ, আল সায়মা, এমভি শিশির, কুইন অব মুন-২, নেতাল-৪, সাথী ভাই-১, মাস্টার রিদেন, হীরা পর্বত-২, সবুজ, আজাদ, দুলাল, মিউনিখ, আশিকুল কবির, প্রণতি, দেশবন্ধু, বদরুল নাহার, হাজি ওহাব, সায়েম এবং এমভি পীর মেছের। এ ছাড়া পাটুরিয়া ঘাটের ভাটিতে দাসকান্দি এলাকায় নোঙর করে আছে অন্তত ৩০টি কার্গো ও জাহাজ। এর মধ্যে এমভি মাস্টার হাসিব, তানজিদ, ভাগ্যকূল, আবাবিল, তেতুইতলা-৭, তেতুইতলা-৫, নুসরাতি হক, মাহমুদ রায়হান, মাস্টার নাদিম, এমভি আলিফ-১ ইত্যাদি উল্লেখযোগ্য। অনেক জাহাজ থেকে সার নামিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে বোঝাই করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এবার বোরো মৌসুমে উত্তরবঙ্গের ১৬ জেলার কৃষকদের সারের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ১৬ লাখ টন ইউরিয়া মজুদের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে এসব কার্গো ও জাহাজে করে সার বাঘাবাড়ী ও নগরবাড়ী বন্দরে নেওয়া হচ্ছে।আটকে থাকা বিভিন্ন জাহাজের মাস্টাররা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মোল্লারচর, চর শিবালয়, পাবনার কাজিরহাটের কাছে তিনটি স্থান, বেড়ার নাকালিয়া বাজার ও মোহনগঞ্জ এলাকাসহ আরও দু-একটি স্থানে ডুবোচরে জাহাজগুলো আটকা পড়ছে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ঊর্ধ্বতন পরিচালক মো. শাহজল হক প্রথম আলোকে বলেন, ‘কিছু দিন আগে শিবালয়ের মোল্লারচর এলাকায় খনন করে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হয়। বর্তমানে পাটুরিয়া থেকে বাঘাবাড়ী পর্যন্ত নৌপথে তেমন কোনো সমস্যা নেই। এ নৌপথে বর্তমানে সাত ফুট পর্যন্ত পানি রয়েছে। এই পরিমাণ পানিতে স্বাভাবিক বোঝাই জাহাজ চলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু জাহাজগুলো ধারণক্ষমতার অতিরিক্ত মাল বোঝাই করায় আটকে পড়ছে।’