সার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের ব্যাগ ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে ডাকা ধর্মঘট এক দিন পর প্রত্যাহার করেছেন সার ব্যবসায়ীরা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আশ্বাসের পর সারা দেশে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা জানান।
বিএফএর সহসভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘সার পরিবহন ও সংরক্ষণে পলিথিন ব্যাগের ব্যবহার ভ্রাম্যমাণ আদালতের আওতার বাইরে থাকবে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
সারে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে পাট ও বস্ত্র মন্ত্রণালয় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে। এর প্রতিবাদে গত সোমবার রাতে বিএফএ সারা দেশে সার বিক্রি পরিবহন এবং খালাস বন্ধ করার ঘোষণা দেয়।