সার মজুদের দায়ে ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন। সার মজুদে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আরমান আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তাফা কামাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লালনগর গ্রামে আরমান আলী অবৈধভাবে তাঁর গোডাউনে প্রচুর ইউরিয়া সার মজুদ করে রেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান আলীকে প্রথমে আটক করা হয়। পরে তাঁর বাড়ির আশপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫১ বস্তা সার উদ্ধার করা হয়। ওই সব বাড়ির লোকজন জানায়, সারের বস্তাগুলো আরমান রেখেছিলেন।মোস্তাফা কামাল আরও বলেন, প্রতিটি ইউনিয়নে বৈধ সারের ডিলার আছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, আরমান অবৈধ ডিলার। তিনি এসব মজুদ করা সার চড়া দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। অবৈধভাবে সার মজুদের দায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকালই তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।