
টানা অবরোধের কারণে বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাট থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সার পরিবহন মারাত্মক ব্যাহত হচ্ছে। এ কারণে সেখানে সারের স্তূপ জমেছে। ইতিমধ্যে সার রাখার জায়গার অভাব দেখা দিয়েছে। একই সঙ্গে সারভর্তি অর্ধশতাধিক জাহাজ সার খালাসের অপেক্ষায় রয়েছে।
উত্তরাঞ্চলে বিসিআইসির বাফার স্টকের গুদাম রয়েছে ১৪টি। বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাটের মাধ্যমে এসব গুদামে সার সরবরাহ করা হয়। চট্রগ্রাম থেকে জাহাজে করে বিসিআইসি অনুমোদিত পরিবহন ঠিকাদারেরা সার এনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে নামান। এরপর সেখান থেকে ট্রাকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়। অবরোধে নৌপথ স্বাভাবিক থাকায় নিয়মিতভাবেই সারবাহী জাহাজগুলো বাঘাবাড়ী ও নগরবাড়ীতে এসে ভিড়ছে। জাহাজগুলো থেকে নদীর তীরবর্তী খোলা জায়গায় সার রাখা হলেও অবরোধের কারণে উত্তরের জেলাগুলোতে পাঠাতে সমস্যা হচ্ছে। ফলে বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ীঘাটে সারের স্তূপ বেড়েই চলেছে।
গত শুক্রবার বাঘাবাড়ী নৌবন্দরে গিয়ে দেখা যায়, নদীর তীর থেকে শুরু করে বন্দরের খোলা জায়গার পুরোটাই সারের স্তূপে ভর্তি হয়ে আছে। বন্দরে বিক্ষিপ্তভাবে ভিড়ে আছে সারভর্তি আট থেকে দশটি জাহাজ। এর দু-তিনটি থেকে সার নামিয়ে পুরোনো স্তূপের ওপর অথবা স্তূপের পাশে কোনো রকমে ঠাসাঠাসি করে রাখা হচ্ছে। এরই মধ্যে তিন থেকে চারটি ট্রাকে সার বোঝাই করতেও দেখা যায়। ওই সব ট্রাকচালকেরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা সার নিয়ে রওনা হচ্ছেন।
বাঘাবাড়ী নৌবন্দরের ইজারাদারের প্রতিনিধি আবুল হোসেন বলেন, বিভিন্ন জেলায় সারের প্রচুর চাহিদা থাকলেও এখান থেকে সার যাচ্ছে খুব কম। পুলিশি পাহারায় দুই দিনে (১৪ ও ১৫ জানুয়ারি) এখান থেকে ৪২ হাজার ৪০০ বস্তা সার উত্তরের বিভিন্ন জেলায় গেছে। অথচ প্রতিদিন এখান থেকে কমপক্ষে ৫০ হাজার বস্তা সার যাওয়া উচিত। অবরোধের কারণে যেতে না পারায় এখানে চার লক্ষাধিক বস্তা সার জমে গেছে। অবরোধ কেটে গেলে এক সপ্তাহের মধ্যে সব সার সাফ হয়ে যাবে।
এদিকে নগরবাড়ী ঘাটেও লক্ষাধিক বস্তা সার খোলা জায়গায় ফেলে রাখা হয়েছে।
নগরবাড়ী ঘাট ও নলখোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সার ব্যবসায়ী এ এম রফিকউল্লাহ বলেন, ‘নগরবাড়ী ঘাটে প্রায় এক লাখ বস্তা সার খোলা জায়গায় রয়েছে। এমনিতে ট্রাকে করে বিভিন্ন জেলায় কিছু কিছু সার যাচ্ছে। তবে তা স্বাভাবিকের তুলনায় খুবই কম। অবরোধ উঠে গেলে চার থেকে পাঁচ দিনের মধ্যে এখান থেকে সব সার গন্তব্যে পৌঁছে যাবে।’
এদিকে বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাটে সার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত প্রায় দুই হাজার শ্রমিকের উপার্জন এক-চতুর্থাংশে নেমে এসেছে। এ অবস্থায় তাঁদের সংসার চলছে না বললেই চলে।
বাঘাবাড়ী নৌবন্দরের শ্রমিক সরদার হবিবর ব্যাপারী বলেন, ‘আমার দলে ৬০ জন শ্রমিক। এমনিতে আমরা দৈনিক প্রায় ১৫টি ট্রাকে সার বোঝাই করি। অথচ আইজ (শুক্রবার) দুপুর পর্যন্ত মোটে একখান ট্রাকে সার বোঝাই করছি। সারের এই ভরা মৌসুমে দৈনিক আমাগরে ৪০০ টাকার ওপরে কামাই হওয়ার কথা। অথচ অবরোধের জন্য ১০০ টাকা কামাই করাই মুশকিল হয়া গ্যাছে।’