সার-সংকটে গম ও আলু চাষ ব্যাহতের আশঙ্কা
গম ও আলু চাষের ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সারের সংকট দেখা দিয়েছে। এতে আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ডিলাররা কৃষকদের সার সরবরাহ করতে পারছেন না বলে জানা গেছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে টিএসপি সারের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।উপজেলার কোষা মণ্ডলপাড়া গ্রামের মোশাররফ হোসেন ২৫ একর জমিতে আলু চাষের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। ৩০ নভেম্বরের মধ্যে আলুবীজ রোপণের কাজ শেষ করতে না পারলে আলু চাষের মৌসুম ধরতে পারবেন না। তিনি বলেন, ‘২৫ একরে আলুবীজ রোপণের আগে ৫০ বস্তা টিএসপি সার দরকার। অথচ কোথাও সার পাচ্ছি না। আগামী সাত দিনের মধ্যে সার না পেলে আমার পক্ষে আলু চাষ করা সম্ভব নয়।’দৌলতপুরের চাষি আবদুল হক বলেন, ‘দুই বিঘাত গম চাষ করিবার তাহেনে টিএসপি সারের খোঁজে সাত দিন থাকে, সারের দোকনলাত ঘুরেছু। সবায় কহেচে সার নাই। এলা কেং করে মোর গিরস্থি হবে?’ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১৭০ একর জমিতে গম এবং সাত হাজার ৪১০ একরে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।জানা গেছে, উপজেলায় বিসিআইসির ১০ জন সার ডিলার রয়েছেন, আর খুচরা সার বিক্রেতা রয়েছেন শতাধিক। বিসিআইসি সার ডিলার সমিতির উপজেলা সভাপতি হাবিবুর রহমান জানান, গত ২০ অক্টোবর পীরগঞ্জের ১০ জন ডিলারকে ১৮০ বস্তা টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই সার চট্টগ্রামের টিএসপি সার কারখানা থেকে উত্তোলন করার কথা বলা হয়। এতে যে ট্রাক ভাড়া পড়বে, তাতে ডিলারদের লোকসানই গুনতে হবে। তাই তাঁরা ওই সার তোলেননি। একই কারণে ৭ অক্টোবর বরাদ্দ দেওয়া ৫০ বস্তা সারও তাঁরা তোলেননি। ২৮ অক্টোবর উপজেলার ডিলাররা জনপ্রতি ১৯ দশমিক ৬৫ মেট্রিক টন সার বরাদ্দ পান। ব্যাপক চাহিদার মুখে ১০ নভেম্বরের মধ্যেই ওই সার বিক্রি হয়ে যায়।বিসিআইসির সার ডিলার মো. ইমদাদুর রহমান বলেন, ‘১৫ দিন থেকে টিএসপি সার নেই। মন্ত্রণালয় থেকে বরাদ্দও পাচ্ছি না। সার দিতে না পারায় চাষিদের খালি হাতে ফিরিয়ে দিতে হচ্ছে।’ উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, উচ্চফলনশীল আলু চাষের জন্য অন্যান্য সারের সঙ্গে একরপ্রতি ৩৫ থেকে ৪০ কেজি টিএসপি সার প্রয়োগ করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহির উদ্দীন টিএসপি সারের সংকটের কথা স্বীকার করে জানান, পীরগঞ্জে জরুরি ভিত্তিতে ৩০০ মেট্রিক টন টিএসপি সার বরাদ্দ চেয়ে ২১ নভেম্বর জেলা কৃষি উপপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।