অনুষ্ঠান বললে যে রকম জাঁকজমকের কথা মনে আসে, তেমন নয়। একেবারেই সাদামাটা ঘরোয়া আয়োজন। তবে গুণী ব্যক্তিদের উপস্থিতিতে উজ্জ্বল, প্রীতিতে উষ্ণ। গতকাল রোববার শেষবেলায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ডা. সারওয়ার আলীর আত্মস্মৃতি পেরিয়ে এলাম অন্তবিহীন পথ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পরিবেশ ছিল এমনই।অনুষ্ঠানটি পরিণত হয়েছিল মিলনমেলায়। ষাটের দশকের উত্তাল দিনগুলোতে যাঁরা ছিলেন তাঁর সঙ্গী, তাঁদের নিয়ে কথা, গানে, গল্পে দারুণ কেটেছে সময়। লেখক নিজেই মঞ্চে এসে আমন্ত্রণ জানালেন শ্রোতাদের। মোড়ক উন্মোচনে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, ডা. এ কে এম মহিবুল্লাহ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং লেখকের তৃতীয় প্রজন্মের চার খুদে সদস্য প্রজ্ঞা, অথৈ, অশেষ ও প্রমি। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। দর্শকের সারিতে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ রেজা আলী, সিপিবির নেতা মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, পংকজ ভট্টাচার্যসহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব।শুরুতেই বুলবুল ইসলাম শোনালেন একটি গান ‘ও আমার দেশের মাটি...’। এরপর চলতে থাকে আলোচনার ফাঁকে ফাঁকে গান। এরই মধ্যে অনুষ্ঠানে পৌঁছে গেলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আবৃত্তিকার রফিকুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।এ কে খন্দকার বলেন, ‘বইটি পড়ে মনে হয়েছে, লেখক গ্রামের একটি পথ দিয়ে হেঁটে চলছেন; যেখানে তিনি দেখেছেন নদী, সবুজ ঘাস, নৌকা আরও অনেক কিছু। বইটি একটি সুন্দর মানুষের মনের প্রতিফলন।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যে ষাটের দশকের কথা উঠে আসে। তিনি বলেন, ‘বইটি পড়ে আমাকে স্মৃতিকাতরতা পেয়ে বসেছিল। পড়ে মনে হয়েছে, আমরা একই কথা ভাবছি। ওই দিনগুলোর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না।’ ডা. সারওয়ার আলীর উদ্দেশে তিনি বলেন, প্রাণের মাধুরী মিশিয়ে তিনি সাংস্কৃতিক আন্দোলন করে গেছেন।সন্জীদা খাতুন বইটি প্রসঙ্গে বলেন, এখানে যে ইতিহাস লেখা হয়েছে, তা বাঙালি জাতির জন্য খুবই জরুরি।লেখকের পেশাজীবী আন্দোলনের সঙ্গী হিসেবে বক্তব্য দিতে এসে ডা. এ কে এম মহিবুল্লাহ বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় পেশাজীবীদের যে গুরুত্বপূর্ণ অবদান আছে, বইটিতে তা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। তিনি সারওয়ার আলীকে নির্লোভ, নিরহংকারী, সর্বোপরি একজন চমৎকার মানুষ হিসেবে মন্তব্য করেন।আক্কু চৌধুরী মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে তাঁদের একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বক্তব্যে উঠে আসে ষাটের দশকের শুরুর দিকের কথা, যখন তাঁরা পাশাপাশি থেকে বুকের ভেতর গভীরভাবে সমাজতন্ত্রের আদর্শ লালন করে আলোড়িত হয়েছেন, সেই সময়ের কথা। তিনি বলেন, ‘পেরিয়ে এলাম অন্তবিহীন পথ আমাকে নতুন করে ডা. সারওয়ার আলীকে গভীরভাবে চিনতে, জানতে, বুঝতে সাহায্য করেছে। তাঁকে ঘনিষ্ঠভাবে জেনেও অনেক কিছুই অজানা ছিল।’সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান জানান, খুব অল্প বয়স থেকেই তিনি লেখককে চেনেন অনেকটা পারিবারিক সূত্রেই। দেশের ইতিহাসের নানা দিক উদ্ঘাটিত হলেও বইটিতে লেখকের ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালে রয়ে গেছে। তবে এখানে পাঠক একজন কর্মময় পুরুষকে পাবে।লেখক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ বছরের জানুয়ারি মাসে লেখা শুরু করেছিলেন। তাঁর স্কুলজীবন থেকে শুরু করে ভাষা আন্দোলন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন, রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে নির্বাচন, মুক্তিযুদ্ধ, একাত্তর থেকে পঁচাত্তর, পঁচাত্তর থেকে পরবর্তী সুসময়, বিএমএ জীবন, পেশাজীবী আন্দোলন, ছায়ানট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চাকরিজীবন, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ইত্যাদি প্রসঙ্গ উঠে এসেছে।অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে শিল্পী লাইসা আহমেদ ‘তোর আপনজনে ছাড়বে তোরে’, শারমিন সাথী ইসলাম ‘ধন্য আমি জন্মেছি মা’ এবং পার্থ তানভীর নভেদ গেয়ে শোনান ‘মনে হলো যেন পেরিয়ে এলাম’। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।পেরিয়ে এলাম অন্তবিহীন পথ পরিবেশন করছে প্রথমা বইয়ের দুনিয়া। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী।