জাতীয় প্রেসক্লাবে নতুন কমিটিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থক সারওয়ার-সাইফুল পরিষদ। পরিষদের পক্ষ থেকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে গতকাল শনিবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা যায়, গত শুক্রবার রাতে ভোট গণনার একপর্যায়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমান সভাপতি শওকত মাহমুদের ব্যক্তিগত দুজন কর্মচারীকে মারধর করার অভিযোগ ওঠে। প্রায় রাতভর প্রেসক্লাব ছিল বহিরাগত ব্যক্তিদের দখলে। বহিরাগতদের আনাগোনার জন্য প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল পরস্পরকে দায়ী করেছে।গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এক সভায় নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দেয় সারওয়ার-সাইফুল পরিষদ। সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এ নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই।’ ভোট জালিয়াতির অভিযোগ করেন তিনি।এ সময় গোলাম সারওয়ার, সাইফুল আলম, আলতাফ মাহমুদ, হাসান শাহরিয়ার, মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, আবু জাফর সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।সারওয়ার-সাইফুল পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর নির্বাচনের পর ভোট গণনার কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রেসক্লাব ছেড়ে চলে যান। নির্বাচন কমিশনের চেয়ারম্যানও সন্দেহজনকভাবে পক্ষপাতমূলক আচরণ করেন। এজেন্টদের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন একতরফাভাবে ভোট গণনার কাজ চালিয়ে যেতে থাকেন। ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি ও যুবদলের দুই নেতার নেতৃত্বে অস্ত্রধারী ক্যাডাররা ভোট গণনা কক্ষের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতার কারণে এজেন্টরা ভোট গণনা বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন। তার পরও ভোট গণনা চলতে থাকায় এজেন্টরা ভোট গণনা কক্ষ ত্যাগ করেন। এ বিষয়ে শাহবাগ থানায় ১ জানুয়ারি জিডি করা হয়েছে।এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনার সময় কেউ কেউ ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে সফল হয়নি। তিনি জাতীয় এই প্রতিষ্ঠানের নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।