সারওয়ার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকালের হরতালে উপজেলা সদরের সব দোকানপাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যান চলাচলও তেমন ছিল না। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বেলা তিনটার দিকে বুড়িচং বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। বক্তারা বুড়িচং উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন: উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ। বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সামনে গত সোমবার দুপুরে সারওয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়েছে।