সারগুলো কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট বাজার এলাকা থেকে গতকাল বুধবার ট্রাকবোঝাই ২০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। সারগুলো কার, তা এখনো জানা যায়নি।
পুলিশ ও কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার শুকলালহাট বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ২০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি কৃষি কর্মকর্তাকে জানান। পরে সারগুলো থানায় নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা প্রথম আলোকে বলেন, গাড়িটি আটকের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। তাই সারগুলো বৈধ নাকি অবৈধ তা জানা যায়নি। সারগুলোর মালিকানা যাচাই-বাছাই করে পুলিশকে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন তিনি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, কৃষি বিভাগ তাঁদের সহযোগিতা চেয়েছে। তিনি পুলিশ পাঠিয়েছেন। সারগুলো পুলিশের জিম্মায় দেওয়া হলেও কৃষি বিভাগ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।