সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অশ্বখাদ্য ও রেশনসামগ্রী সরবরাহের দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ একাডেমির অধ্যক্ষসহ সাতজনের বিরুদ্ধে রাজশাহীর যুগ্ম জেলা জজ-১-এর আদালতে গতকাল বুধবার মামলা দায়ের করেন দরপত্রে অংশগ্রহণকারী একজন ঠিকাদার।মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মাহমুদুল হাসান মামুন মামলাটি করেন। মামলার আরজিতে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে অনিয়মের মাধ্যমে পঞ্চম সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।আরজিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর ২০১০-২০১১ অর্থবছরে দ্বিতীয় কোয়ার্টারের আস্তাবলের অশ্বখাদ্য ও রেশন স্টোরের রেশনসামগ্রী সরবরাহের দরপত্রে গত ২৩ অক্টোবর অংশ নেন তিনিসহ অন্য ঠিকাদারেরা। দরপত্রে সর্বনিম্ন দরদাতা ইলারা এন্টারপ্রাইজের প্রতি কেজি ডালের দর ছিল ৮১ টাকা, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মামুন ট্রেডার্সের দর ছিল ৮৯ টাকা এবং পঞ্চম সর্বনিম্ন দরদাতা মৃত্তিকা এন্টারপ্রাইজের দর ছিল ৯৯ দশমিক ৯৯ টাকা। প্রথম সর্বনিম্ন দরদাতার দর বাজারদরের চেয়ে কম হওয়ায় কার্যাদেশ পাওয়ার কথা দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মামুন ট্রেডার্সের। কারণ, মামুন ট্রেডার্সের দর বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু দরপত্র কমিটি যোগসাজশ করে পঞ্চম স্থানের উচ্চমূল্যের দরদাতা মৃত্তিকা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়। এতে সরকারকে গচ্চা দিতে হবে তিন লাখ টাকা।আদালত মামলা গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।অধ্যক্ষ ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপার (প্রশাসন), মার্কেটিং অফিসার, চারঘাট উপজেলা ফুড অফিসার ও মৃত্তিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবদুর রহমান।সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলাম তাঁকে বিবাদী করে মামলার কথা জানেন না বলে জানিয়েছেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, সর্বনিম্ন দরদাতা হলেও তাদের ডাল খাওয়ার যোগ্য নয়। তাই দাম একটু বেশি দিয়ে ভালো মানের জিনিস নেওয়া হয়েছে।