মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য এক সপ্তাহ সময় মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২৯ সেপ্টেম্বরের মধ্যে সারসংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে।
সময় চেয়ে আসামিপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গত ২৯ জুলাই আদালত আসামিপক্ষকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে সারসংক্ষেপ দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।
কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। পরে শিশির মুনির প্রথম আলোকে বলেন, সারসংক্ষেপ দাখিলের জন্য দুই সপ্তাহ সময় চাওয়া হয়। আপিল বিভাগ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুরের ‘বিধবাপল্লিতে’ নির্বিচারে হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁকে বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার দায়ে যাবজ্জীবন এবং শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ওই সাজা বাতিল ও খালাস চেয়ে কামারুজ্জামান ৬ জুন আপিল করেন। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও সারসংক্ষেপ জমা দিয়েছে।