মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের সারসংক্ষেপ ১৭ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
কামারুজ্জামান গত ৬ জুন আপিল করেন। আপিলের সারসংক্ষেপ দাখিল বিষয়ে আদেশের জন্য গতকাল বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর ক্রমিকে ছিল। সকালে কামারুজ্জামানের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক সারসংক্ষেপ দাখিলের জন্য অবকাশ শেষে (১৫ সেপ্টেম্বর থেকে) আরওএক সপ্তাহ পর্যন্ত সময় চান। আদালত ১৭ সেপ্টেম্বরের মধ্যে সারসংক্ষেপ দাখিল করতে আপিলকারীকে নির্দেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ১৭ সেপ্টেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে আপিলকারীকে নির্দেশ দিয়েছেন। ওই দিন বিষয়টি কার্যতালিকায় আসবে। রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে সারসংক্ষেপ জমা দিয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে ৯ মে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে শেরপুরের সোহাগপুরে ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁকে বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার দায়ে যাবজ্জীবন এবং শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হবে।
আগামী ৪ আগস্ট সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট খুলবে।