সারসংক্ষেপ ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আপিলের সারসংক্ষেপ ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে উভয় পক্ষকে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার সকালে এ আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে সাকার পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন।

মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সাকার পক্ষে তাঁর আইনজীবী আপিল দায়ের করেন, যার নম্বর ১২২/১৩। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় আসামিপক্ষ আপিল করে। তখন আপিলের বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল করা হয়েছে। যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে, আইনিভাবে তা গ্রহণযোগ্য নয়। যেসব অপরাধে তাঁকে সাজা দেওয়া হয়েছে, এ অপরাধ সংঘটনের সময় তিনি দেশে ছিলেন না দাবি করে খন্দকার মাহবুব বলেন, একাত্তরের ২৯ মার্চ থেকে তিনি মাঝামাঝি সময় পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে তিনি লন্ডনে চলে যান। এমনকি অভিযোগের সপক্ষে ওই এলাকা থেকে পারিপার্শ্বিক কোনো সাক্ষীও আসেনি। এসব যুক্তি তুলে ধরা হয়েছে।

ওই সময় জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিলে যে বক্তব্যই দিয়ে থাকেন না কেন, এ মামলায় যে সাক্ষী-সাবুদ হয়েছিল, এর ভিত্তিতে রায় ও সাজা হয়েছে। এখন আপিল বিভাগ দেখবে যেসব যুক্তি দিয়েছেন আপিলে, সেগুলো সত্যিকার অর্থে গ্রহণ হবে কি না? কাজেই এখন অপেক্ষা করতে হবে, আপিল বিভাগে শুনানির জন্য। রাষ্ট্রপক্ষ আপিল করবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘আমরা আপিল করার সিদ্ধান্ত নেইনি। নিম্ন আদালতের রায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। কাজেই সে শাস্তিটা যাতে বহাল থাকে এবং ওই রায়ের সপক্ষেই আমরা আমাদের বক্তব্য পেশ করব।’