মেট্রোরেলের জন্য মিরপুরে গ্যাসলাইন সরানোর কাজ
সারা দিন গ্যাস বন্ধ রেখেও কাজ শেষ হয়নি, ভোগান্তি

মেট্রোরেলের কাজে গ্যাসলাইন সরাতে গতকাল রোববার আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশে গ্যাস না থাকার ঘোষণা ছিল। দ্বিতীয়বারের মতো এ কাজের জন্য গতকাল এসব এলাকায় আট ঘণ্টার বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেক মানুষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকালও কিছু এলাকায় কাজ শেষ করতে পারেনি তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড। ভবিষ্যতে আবারও গ্যাসলাইন বন্ধ রাখতে হবে।
তিতাস থেকে বলা হয়েছিল, মেট্রোরেল প্রকল্পের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্টের অধীন এই মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর আগে গ্যাসের পাইপলাইন সরানো জরুরি।
পাইপলাইন সংস্কারের জন্য রোববার বৃহত্তর মিরপুরের অনেক স্থানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না বলে আগের দিন রাতেই ঘোষণা দিয়েছিল তিতাস। এলাকা উল্লেখ ছিল মিরপুর ১০ নম্বর সেকশন, মণিপুর, বড়বাগ, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আশপাশের এলাকা এবং প্রধান সড়কের পশ্চিম প্রান্ত। এর আগে গত ২৮ ডিসেম্বরও একই কাজের জন্য দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তিতাসের পক্ষে সেদিন কাজ শেষ করা সম্ভব না হওয়ায় গতকাল আবার গ্যাস বন্ধ রেখে কাজ শুরু করা হয়।
এ প্রসঙ্গে তিতাস গ্যাস কোম্পানির জরুরি নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, শেওড়াপাড়া ফুট ওভারব্রিজের (পদচারী-সেতু) কাছে গ্যাসপাইপ খুঁজে পাওয়া যায়নি, তাই আরেক দিন কাজ করতে হবে।
শনিবার রাতে ও গতকাল সকালে এলাকায় এলাকায় গ্যাস বন্ধ থাকার বিষয়ে মাইকে প্রচার করাও হয়েছিল। কিন্তু দেখা গেছে, পশ্চিম প্রান্তের গ্যাস না থাকলেও কিছু বাড়িতে সারা দিনই গ্যাস ছিল, যা থেকে এসব বাড়ির বাসিন্দারা অবাক। পশ্চিম মণিপুর বারেক মোল্লার মোড়ের বাসিন্দা সোনিয়া বেগম জানান, তাঁদের বাড়িতে যথারীতি গ্যাস ছিল। আবার পূর্ব প্রান্তে গ্যাস বন্ধ না করার সম্ভাবনার কথা জানানো হলেও অনেক বাড়িতে গ্যাস ছিল না। পূর্ব কাজীপাড়ার বাসিন্দা মাহমুদুজ্জামান জানান, তাঁদের বাড়িতে দুপুর ১২টার দিকে গ্যাস চলে যায়। আসে সন্ধ্যায়। এলাকার বাসস্ট্যান্ডের কাছের বাড়িগুলোতেও গ্যাস ছিল না বলে অভিযোগ করেছেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত মো. রিয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা।
শেওড়াপাড়া, কাজীপাড়াসহ পূর্ব প্রান্তের বেশির ভাগ সিএনজি স্টেশনে গতকাল দিনের বেলায় গ্যাস ছিল না। গ্যাসের অভাবে এসব স্টেশনে আসা গাড়ির চালকদের বিপাকে পড়তে হয়।
আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর সড়কের পশ্চিম পাশের এলাকাগুলোয় গতকাল দিনভর গ্যাস ছিল না। যাঁরা ঘোষণা শুনেছেন, তাঁরা আগের রাতে বা ভোর রাতে রান্নার কাজ শেষ করেন। অনেকে হোটেল থেকে খাবার সংগ্রহ করেন। কোনো কোনো বাসিন্দা বিকল্প ব্যবস্থায় রান্না করেন।