সারা দিন ছিল হাসি আর গানের

পাঠকই প্রথম আলো র প্রাণ। সেই পাঠকের সঙ্গে আজ শুক্রবার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল প্রথম আলো । এ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল দিনব্যাপী পাঠক মেলা।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় ‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’ শীর্ষক এই মেলা। চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
মেলার শুরুতেই মঞ্চে আসেন প্রথম আলো র সহযোগী সম্পাদক আনিসুল হক। উদ্বোধনী আয়োজনে তিনি মঞ্চে আমন্ত্রণ জানান ফেরদৌস, বাপ্পা মজুমদার, চঞ্চল চৌধুরী, কামাল আহমাদ সায়মন, জয়া আহসান, তিশা, মিম, কনা, এলিটা, কোনাল, নাসির হোসেন (ক্রিকেটার), তাসকিন আহমেদ (ক্রিকেটার) প্রমুখকে। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘বাংলাদেশ ২০২৪’ শীর্ষক পত্রিকা। এ বিষয়ে মঞ্চে উপস্থিত তারকারা তাঁদের মতামত জানান।
সকাল ১০টা ৫০ মিনিটে একদল শিশু-কিশোর মঞ্চে উঠে আসে। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল ভাবনা নিয়ে বাপ্পা মজুমদারের পরিচালনায় ‘কালকের পৃথিবীটা আমাদের হবে’ শিরোনামের গানটি ১০টা ৫৭ মিনিটে পরিবেশন করে তারা।
বেলা ১১টায় বাপ্পা, জুয়েল, এলিটা, কনা, কোনাল, পারভেজ ‘জন্ম আমার ধন্য হলো’ শিরোনামের দেশাত্মবোধক গানটি পরিবেশন করেন। এরপর তাঁরা আরও দুটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
১১টা ৮ মিনিটে তিশা, কোনাল, নাবিলা, নাদিয়া, এমিল, নাসির (ক্রিকেটার), তাসকিন (ক্রিকেটার), বিপাশা মতিন মঞ্চে আসেন। ‘আগামীর বাংলাদেশ কেমন হবে’-এ বিষয়ে তাঁরা তাঁদের ভাবনা তুলে ধরেন। ১১টা ৩৫ মিনিটে তাঁরা একসঙ্গে ‘আমরা করব জয়’ গানটি পরিবেশন করেন।
১১টা ৩৮ মিনিটে মঞ্চে আসেন দিলারা জামান। তিনি প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
১১টা ৫০ মিনিটে বাপ্পা মজুমদারের গানের মধ্য দিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান।
১১টা ৫৭ মিনিটে সংগীত পরিবেশন করেন মুন।
দুপুর সোয়া ১২টার দিকে মঞ্চে আসেন প্রতিবন্ধকতা পেরিয়ে সফল হওয়া কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন ময়মনসিংহের মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়ার পরও ঘুরে দাঁড়ানো শামিমা আক্তার, অদম্য মেধাবী ফাল্গুনী সাহা, প্রথম আলো চর স্কুলের দুই শিক্ষক, নীলফামারীর আলোচিত মাদ্রাসাশিক্ষক রঞ্জিত কুমার রায়, রাজশাহীর কানাই চন্দ্র দাশ প্রমুখ। দুপুর ১২টা ৪০ পর্যন্ত তাঁরা তাঁদের সফল হওয়ার গল্প শোনান।
বেলা পৌনে একটার দিকে দেওয়া হয় বিরতি। বিরতি শেষে বেলা আড়াইটার দিকে অভিনেতা সাজু খাদেমের সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন-৬-এর বিজয়ী আবু হেনা রনি কয়েকটি কৌতুক পরিবেশন করেন। এরপর একে একে গান পরিবেশন করেন সন্দিপন, নওরীন, পুলক, সাব্বির, নাজনীন মিমি, পূজা, কর্নিয়া। এরই মাঝে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক উপস্থিত দর্শকদের মাঝে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জেতার খবর ঘোষণা করেন। এ সময় দর্শকেরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে গানের তালে তালে মেতে ওঠেন।
বেলা ৩টা ৪৮ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিরতি নেওয়া হয়। এর ১৮ মিনিট পরে পাঠকের মুখোমুখি হতে মঞ্চে ওঠেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, বার্তা সম্পাদক সেলিম খান ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরামর্শক সম্পাদক কামাল আহমেদ।
এ সময় পাঠকেরা ১৯টি প্রশ্ন করেন। এর মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর দেন মতিউর রহমান। সাজ্জাদ শরিফ চারটির, আনিসুল হক তিনটির, সুমনা শারমিন দুটির আর বাকিরা একটি করে প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বের সমাপনী ঘোষণা করেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আবুল মকসুদ। এ সময় তিনি প্রথম আলো কতৃর্পক্ষ ও পাঠকদের ধন্যবাদ জানান।
বিকেল ৪টা ৫৫ মিনিটে ফরিদা পারভীনের গাওয়া ‘পাখি কখন জানি উড়ে যায়’ গানের মধ্য দিয়ে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর মঞ্চে উঠে শুভেচ্ছা জানান অভিনেতা ইমন, শুভ, মুনিরা ইউসূফ, গীতিকার ও সুরকার কবীর বকুল, মডেল ইমরান, সাজ্জাদ, সংগীত শিল্পী ইবরার টিপু, পারভেজ, মেহরাব, লিজা, সুষমা, কোনাল ও অভিনেতা নিশু। এরপর স্বাগতা, সভ্যতা ও সন্ধী গেয়ে শোনান ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি। মাহমুদুজ্জামান বাবু শোনান ‘আমি বাংলার গান গাই’। সালমা শোনান ‘আমি চাইলাম যারে’ । এরপর দিনাত জাহান মুন্নি শোনান দেশাত্মবোধক গান ‘একবার যেতে দে না’ । এরপর একে একে আরও গান শোনান আসিফ আকবর, শফি মণ্ডল, মমতাজ, এস আই টুটুল। আর অনুষ্ঠানটি শেষ হয় ন্যান্সির ‘এই পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আনিসুল হক।
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ নভেম্বর। সেদিন ছিল সরকারি ছুটির দিন। তাই আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠকের সঙ্গে এই দিনটি উদযাপন করে প্রথম আলো ।
প্রথম আলোর ফিচার পাতাগুলো নিয়ে পাঠকদের জন্য বর্ণিল আয়োজন ছিল মেলা প্রাঙ্গণে।
সারা দিন ছিল আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, বইমেলা। ছিল তারকাদের সমাবেশ।
সারা দিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন নানা বিশেষজ্ঞজন। তাঁদের মধ্যে অন্যতম ‘মনের জানালা’র অধ্যাপক মেহতাব খানম, ‘পাঠকের উকিল’ নাহিদ মাহতাব, চিকিৎসক শুভাগত চৌধুরী, রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো ও শামসুন্নাহার নাহিদ।
মনোজগতের নানা প্রশ্নের জবাব ও পরামর্শ দিতে মেলায় ছিলেন মোহিত কামাল, আহমেদ হেলাল, মেখলা সরকার ও সুলতানা আলগীন। ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব। ছিল সবজান্তা সমীপেষু, আজরার পরিচালনায় ফ্যাশন প্যারেড, প্রিয় তারকাদের সঙ্গে কথোপকথন।
এ ছাড়া ‘পাঠক মেলা’য় টিভি, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন মাধ্যমের তারকারা ছিলেন প্রায় সারা দিনই। ছিলেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, কলাম লেখক। প্রিয় তারকার সঙ্গে পাঠকেরা সেলফি তুলেছেন, তাঁদের অটোগ্রাফ নিয়েছেন।
আজকের পুরো আয়োজনটি বিভিন্ন সময় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম আলো র কাছে একটু অন্য রকম।প্রথম আলো এবার বলছে ‘এগিয়ে যাওয়ার ১৬ বছর’। এবারের স্লোগান-‘কালকের পৃথিবীটা আমাদের হবে’।
আরও পড়ুন: