সারা দিন স্থবির মিরপুর রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড যানজটে স্থবির যানবাহন। ছবিটি গতকাল দুপুরে মিরপুর রোডের কলাবাগান এলাকা থেকে তুলেছেন জাহিদুল করিম
প্রচণ্ড যানজটে স্থবির যানবাহন। ছবিটি গতকাল দুপুরে মিরপুর রোডের কলাবাগান এলাকা থেকে তুলেছেন জাহিদুল করিম

মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে কলেজগেটের দূরত্ব ৩ দশমিক ৭ কিলোমিটার। গুগল ম্যাপ বলছে, হেঁটে এই পথ যেতে সময় লাগবে ৪৭ মিনিট। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে বাসে এই পথ যেতে সময় লেগেছে ঠিক এক ঘণ্টা। কয়েক মাস ধরেই মিরপুর রোডে এমন স্থবিরতা চলছে। অসহনীয় যানজটে নাকাল হচ্ছে নগরবাসী।
এই সড়কে চলাচলকারী ব্যক্তিরা বলেন, যানজটের তীব্রতা নিয়েই তাঁদের দিন শুরু করতে হয়। দিনের যেকোনো সময় মিরপুর রোডের এক মাথা থেকে আরেক মাথায় যেতে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন, ধানমন্ডি এলাকায় ও মিরপুর রোডের দুপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান, বিভিন্ন বাসের স্টপেজ, মেট্রোরেলের জন্য তালতলা ও আগারগাঁও এলাকায় সড়কে কাটাকাটি চলায়, এলাকার যানবাহনগুলোর মিরপুর সড়ক ব্যবহার, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং লেন না মেনে চালকদের মধ্যে প্রতিযোগিতা এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
তবে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেছেন, এই সড়কের পরিকল্পনাতেই বড় ভুল রয়েছে, যার জন্য এমন যানজটের সৃষ্টি হচ্ছে। গণপরিবহন বৃদ্ধি ছাড়া এই সমস্যার সমাধান নেই। অল্প দূরত্বের মধ্যেই রাখা হয়েছে একাধিক ক্রসিং। দুই পাশ থেকে এসে সড়কে মিশেছে অনেকগুলো গলি।
আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজউদ্দিন আহম্মেদ বলেন, এই সড়ক ট্রাফিকের দুটি বিভাগে পড়েছে। দুই বিভাগে সমন্বয় করে কীভাবে এই যানজট সহনীয় পর্যায়ে আনা যায়, সে ব্যাপারে পরিকল্পনা করা হবে।
সরেজমিন ঘুরে এবং বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে চলাচলকারী কিছু বাস যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায়। তাই এগুলো সব সময় সড়কের বাঁ পাশ ঘেঁষে চলে এবং মোড়ে এসে বাঁ পাশ আটকে রাখে। এতে যে গাড়িগুলো সহজে বাঁয়ের সড়কে ঢুকে যেতে পারত, সেগুলোও সিগন্যাল ছাড়া পর্যন্ত মূল সড়কে আটকে থাকে।
গতকাল সকাল সাড়ে সাতটায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে গাবতলীগামী ৭ নম্বর বাসের (ঢাকা মেট্রো জ ১১-১৫৫৭) পিছু নিয়ে দেখা গেছে, বাসটির প্রায় ১০ মিনিট লেগেছে মোড় পার হয়ে ল্যাবএইড হাসপাতালের পদচারী-সেতু পর্যন্ত আসতে। এরপর জট ঠেলে ঠেলে বাসটি কালাবাগান মাঠের আগের আলতা প্লাজার সামনের সিগন্যাল পার হয়। লেক সার্কাস পর্যন্ত এসে পুরো আটকে যায় যানজটে। এখানে প্রায় ১০ মিনিট বাসটি আটকে ছিল। লেক সার্কাস থেকে রাসেল স্কয়ার পর্যন্ত ছিল যানবাহনের দীর্ঘ সারি। এ সময় বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের বাস ও ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। একটি ইংরেজিমাধ্যম স্কুলের ছাত্রের অভিভাবক জোবায়ের হোসেন বলেন, সকাল সাতটায় তিনি কাঁটাবন থেকে রওনা দিয়েছেন। যানজটের কারণে লেক সার্কাসে গাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে হেঁটে ধানমন্ডিতে স্কুলে যাচ্ছেন।
রাসেল স্কয়ারের সিগন্যাল ছাড়লে বাসটি আস্তে আস্তে ২৭ নম্বর মোড়ের দিকে যেতে থাকে। ২৮ নম্বর রোডের মাথায় এসে এটি যানজটে আটেক যায়। পুরো পথ বাসটি রাস্তার বাঁ পাশ ঘেঁষে চলেছে। এ কারণে প্রতি মোড়ে যেসব যানবাহন বাঁয়ে যাওয়ার ছিল, সেগুলোকে সিগন্যাল ছাড়া পর্যন্ত আটকে থাকতে হয়েছে। শুধু বাস নয়, ব্যক্তিগত গাড়িগুলোও তাই করেছে, বাঁয়ে না গেলেও তারা বাঁয়ের রাস্তা আটকে রেখেই চলেছে। যানজট ঠেলতে ঠেলতে বাসটি আসাদগেট সিগন্যাল পেরিয়ে সকাল সাড়ে আটটায় কলেজগেটে পৌঁছায়। এই এক ঘণ্টায় বাসটিকে যাত্রী ওঠানো-নামানোর জন্য কোথাও আলাদা করে থামতে হয়নি। যাত্রীরা যখন ইচ্ছা উঠেছে, যখন ইচ্ছা নেমেছে। বাসটির চালকের সহকারী মো. মজিদ বলেন, এই অবস্থা প্রতিদিনের। সকাল ছয়টার পর থেকেই এই সড়কে যানজট শুরু হয়ে যায়।
তবে বাসটি শ্যামলী পার হওয়ার পর আর তেমন যানজটে পড়েনি। শ্যামলীর পর থেকে গাবতলী পর্যন্ত সড়ক ছিল প্রায় ফাঁকা। ফাঁকা রাস্তায় বাসটি দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে কয়েক মিনিট সময় ব্যয় হয়। পরে বাসটি গাবতলীতে পৌঁছায় সকাল নয়টায়।
বাস থেকে নামা আবদুর রহমান নামে এক যাত্রী বলেন, সদরঘাট থেকে সকাল সাড়ে ছয়টার দিকে তিনি এই বাসে উঠেছিলেন। গাবতলী পৌঁছাতে ঠিক আড়াই ঘণ্টা সময় লাগল।
গাবতলী থেকে আবার সায়েন্স ল্যাবরেটরিতে ফেরার পথে (এবার রাস্তার অপর পাশ) টেকনিক্যাল মোড়ের আগ পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটিতে দীর্ঘ যানজট দেখা গেছে। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে এই সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। অনেককেই বাস থেকে নেমে ছাতা মাথায় হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শ্যামলী শিশুমেলার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য ইব্রাহিম খলিল বলেন, স্কুল ও অফিস শুরু এবং শেষের সময় যানজট সবচেয়ে বেশি থাকে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধিই এর কারণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, ধানমন্ডি এলাকার স্কুল-কলেজে আসা শিক্ষার্থীরা অধিকাংশই আসে ব্যক্তিগত গাড়িতে। এসব গাড়ি রাস্তাতেই পার্ক করে রাখায় যানজট তৈরি হয়।
স্কুল ও অফিস সময়ের পরও এই সড়কে যানজটের কারণ সম্পর্কে ধানমন্ডি এলাকার ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, সড়কের এক জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এর প্রভাব পুরো সড়কে পড়ে। বিভিন্ন বিপণিবিতানের কারণে সড়কের একাংশে যানজট তৈরি হলে মুহূর্তেই তা অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় মিরপুর সড়কের অবস্থা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, কলাবাগান এলাকায় যানবাহনের ‘চাপ’ আছে।