সারা দিনে জুলেখাদের মজুরি ৯৬ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক নারী পিস রেট টেপার। ছবি: লেখক
ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক নারী পিস রেট টেপার। ছবি: লেখক

‘অহন আমগো টেপিং কইরা আর পোষায় না, গাছ আর আগের মতো কষ দেয় না, দিনে দিনে সব গাছ মইরা যাইতাছে। একসময় ২০ থেইকা ২৫ কেজি কইরা কষ পাইতাম, কিন্তু অহন আমগোরে বাদ দিয়া নতুন পুরুষ টেপার কামে নিয়া গাছ গুলাইনরে শেষ কইরা ফালাইছে। হারা দিনে বাগানে টেপিং কইরা ১২-১৫ কেজি কষ পাই, প্রতি কেজি কষ ৮ টেকা কইরা আমগো কাছ থ্যাইকা কিনা নেয় স্যারেরা। স্যারেগর চাপে পইরা আমগো সঠিক নিয়ম না মাইনা গাছে উল্টাপাল্টা টেপিং করতে হইছে। যার লাইগা কপালডাও পুরলো আমগো।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সকাল–সন্ধ্যা খেটে ৯৬ টাকা মজুরি নিয়ে বাড়ি ফেরা রাবারবাগানের নারী পিস রেট টেপার (রাবার কষ সংগ্রহকারীকে বলা হয়) জুলেখা খাতুন (২৫)।

এভাবেই গ্রামের নারী শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার থেকে পিছিয়ে রয়েছেন। নির্দিষ্ট কোনো মজুরিকাঠামো না থাকায় উপজেলার নাওগাঁও, রাঙ্গামাটিয়া, বাক্তা, কালাদহ, এনায়েতপুর, পুঁটিজানা ইউনিয়নের নারী শ্রমিকদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ।

পার্শ্ববর্তী মধুপুর বনাঞ্চল সীমানা ঘেঁষে গড়ে ওঠ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সন্তোষপুর পাহাড়ী এলাকা। উপজেলার রাঙামাটিয়া এবং নাওগাঁও ইউনিয়নের প্রায় ১ হাজার ৩৬ একর এলাকাজুড়ে রয়েছে সরকারি বিএফআইডিসির রাবার উন্নয়ন প্রকল্প (সন্তোষপুর রাবারবাগান)। অদক্ষ টেপার, অসাধু কর্মকর্তা–কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের ছত্রচ্ছায়ায় একদল সংঘবদ্ধ পাচারকারী চক্র অবাদে রাবার পাচারের কারণে একদিকে যেমন ধ্বংসের পথে দেশের সাদা সোনা (রাবার কষ) খ্যাত ফুলবাড়িয়ার সন্তোষপুরে গড়ে ওঠা এই রাবার উন্নয়ন প্রকল্প, অন্যদিকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে অসাধু চোরাকারবারি আর সরকারি কর্মকর্তারা।

রাতারাতি এই অসাধু ব্যক্তিরা কোটিপতি হলেও এখনো নূন আনতে পানতা ফুরায় শ্রমিকদের। রাবার অফিসের নিবন্ধন খাতার তথ্যমতে, পুরো বাগানের টেপিংয়ের জন্য প্রায় ৫০ জন নারী রয়েছেন। সরকারি একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করলেও তাঁদের কোনো নির্দিষ্ট মজুরিকাঠামো নেই, যার দরুন টেপারদের আর আগের মতো পোষায় না। বিশেষ করে যুগ যুগ ধরে গাছগুলোর যত্ন নিয়ে আসা পিচ রেট টেপার জুলেখার মতো, হাসিনা, শেফালি, মরিয়ম, জয়তনরা মনে করেন, তাঁদের মতো নারী টেপারদের কম মজুরিতে কাজ করিয়ে নিচ্ছে বাগান কর্মকর্তারা। তাঁদের এই শ্রমকে সরকারিভাবে স্থায়ীকরণ করে নেওয়ার পাশাপাশি একটি সুনির্দিষ্ট মজুরিকাঠামো তৈরি করার কথা জানান নায্য মজুরিবঞ্চিত এই গ্রামীণ নারী শ্রমিকেরা।

হলুদ তোলায় ব্যস্ত ফুলবাড়িয়ার নারী শ্রমিকেরা। ছবি: লেখক
হলুদ তোলায় ব্যস্ত ফুলবাড়িয়ার নারী শ্রমিকেরা। ছবি: লেখক

এ ব্যাপারে রাবার প্রকল্পের ব্যবস্থাপক মফিজ উদ্দিন খান বলেন, ‘আমাদের বাগানে রাবার কষ সংগ্রহকারী প্রায় ৫০ জন নারী শ্রমিক রয়েছেন। তাঁরা যে পরিমাণ কষ রাবারগাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন, তা আট টাকা কেজি হিসেবে মূল্য দেওয়া হয়।’

এদিকে রান্নার অন্যতম মসলাজাতীয় উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে ফুলবাড়িয়ার হলুদের। বলা হয়ে থাকে, দেশের অধিকাংশ হলুদের চাহিদা এ উপজেলা থেকে মিটে থাকে। এই হলুদ চাষাবাদে চারা রোপণ থেকে শুরু করে সেচ, নিড়ানিসহ উত্তলোন–পরবর্তী সব কাজে নাওগাঁও, রাঙামাটিয়া—এই দুটি ইউনিয়নের সহস্রাধিক নারী শ্রমিক পুরুষদের পাশাপাশি নিয়োজিত রয়েছেন। তবে এখানেও রয়েছে চরম মজুরিবৈষম্য।

কৃষ্টপুর গ্রামের হলুদখেতে ৮০ টাকা রোজে কাজ করেন ববিতা আক্তার (৩০)। ববিতার বিয়ের পর এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর তাঁর স্বামী লাপাত্তা আজ প্রায় সাত বছর। মেয়ের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি তিনি। বনের জায়গায় একটি ছাপরাঘর তুলে বৃদ্ধা মাকে নিয়ে কোনোমতে থাকেন এই শ্রমজীবী নারী। যখন কাজ থাকে না, সকাল–সন্ধ্যা বন এলাকায় লাকড়ি সংগ্রহের কাজ করেন। এখন তাঁর অবস্থা আরও করুণ। কখনো কখনো অনাহারেও থাকতে হয় বলে জানান এই নারী।

ববিতা বলেন, ‘কম বয়সে বিয়া বইছি এক জুয়াড়ির লগে। মাইয়া মিষ্টি যখন পেডে তহনি পলাইছে ওর বাপে। বুড়া মারে লইয়া থাহি ভাঙা ঘরে, মিষ্টিরে এই বার বেরাক ইস্কুলো ভর্তি করছি। সারা দিন হলুদখেতে কাম কইরা ৮০ টেহা পাই, আমার লগে বেডা মাইনষ্যে কাম কইরা পায় ৩০০ টেহা, শুধু মহিলা বইলা হেরা আমাগরে কম দেয়, কয় মাইয়্যা মানুষ আইলস্যা, কাম কম করে, তাই বেতন কম।’

অপর দিকে রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলের পাড়ে প্রায় ৩০০ বর্মণ জেলে পরিবারের বসবাস। যুগের পর যুগ ধরে বড়বিলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন তাঁরা। কিন্তু কালে কালে ভূমিখেকোদের অবৈধ দখলের কারণে বিলের আকার হয়ে আসছে ছোট। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অবৈধভাবে বিলের জায়গা দখলে নিয়ে মাছ চাষাবাদ করার কারণে এখন আর জেলেরা বিলে অবাধে মাছ ধরার সুযোগ পান না। এ কারণে পুরুষেরা শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল না হয়ে জীবিকার তাগিদে অন্যের জমিতে কামলা (শ্রমিক) খাটে আর পরিবারের নারী সদস্যরা নিত্যপ্রয়োজনীয় কুটিরশিল্প তৈরির মাধ্যমে সংসার চালায়। কিন্তু এখানেও রয়েছে চরম মজুরিবৈষম্য।

কুটিরশিল্পের কাজে দিনাতিপাত করেন ফুলবাড়িয়ার রাঙামাটিয়া ইউনিয়নের বর্মণপাড়ার নারীরা। ছবি: লেখক
কুটিরশিল্পের কাজে দিনাতিপাত করেন ফুলবাড়িয়ার রাঙামাটিয়া ইউনিয়নের বর্মণপাড়ার নারীরা। ছবি: লেখক

বর্মণপড়ার বিমলা, সরস্বতী, অনিতা, কল্পনা, সনিকা বর্মণ অভিযোগ জানান, তাঁরা নিজেদের পাড়ায় কুটিরশিল্পের কাজ করেন। এ কাজে বাঁশের দরকার সবচেয়ে বেশি। মহাজনেরা তাঁদের বাঁশ কিনা দেন। আর তাঁরা দিন-রাত বাঁশের ধারি, চাটাই, কুলা, ডালি, চালনি ইত্যাদি তৈরি করে থাকেন। তাঁদের ভাষ্য, মহাজনেরা তাঁদের যে মজুরি দেন, তার দ্বিগুণ লাভে এসব পণ্য তাঁরা বাজারে বিক্রি করতে পারেন। বিমলাদের দাবি, সরকার যদি তাঁদের সুদমুক্ত ঋণের সুযোগ করে দেয়, তাহলে তাঁরা নিজেরাই বাঁশ কিনে এসব পণ্য বানাতে পারবেন। এতে তাঁদের দুটি টাকা পকেটে আসত।

উপজেলার একমাত্র নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (রাঙামাটিয়া ইউনিয়ন) সালিনা চৌধুরী সুষমা বলেন, যুগের পর যুগ ধরে এ উপজেলার নারীরা, বিশেষ করে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ গ্রামীণ নারীরা শিক্ষার আলো, স্বাস্থ্য, বাসস্থান, নায্য মজুরিসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে রাঙামাটিয়া ইউনিয়নের নারীরা চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। মৌসুমি আবাদি বিভিন্ন ফসলের জমিতে পুরুষের সঙ্গে সমানভাবে হাড়ভাঙা খাটুনির পরও তাঁরা মজুরি পান পুরুষের তিন ভাগের এক ভাগ।

উল্লেখ্য, কর্মজীবী নারীর হিসাবমতে, কৃষি খাতের ২০টি কাজের মধ্যে ১৭টি কাজে নারীর অংশগ্রহণ থাকলেও কৃষিতে নারীর স্বীকৃতি নেই। ‘গ্রামীণ জীবনযাত্রায় স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচার অভিযান’–এর ২০১২ সালের প্রতিবেদন থেকে জানা যায়, দেশের মোট নারী শ্রমশক্তির পরিমাণ ১ কোটি ৬২ লাখ। এর মধ্যে ৭৭ শতাংশ গ্রামীণ নারী। যার ৬৮ শতাংশ কৃষিকাজে, পোলট্রি, বনায়ন ও মৎস্য খাতের সঙ্গে জড়িত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণায় বলা হয়েছে, গ্রামীণ ৪১ শতাংশ নারী আলু চাষের সঙ্গে জড়িত। ৪৮ শতাংশ মাছ চাষের সঙ্গে জড়িত।