সারা দিনের বৃষ্টিতে কুমিল্লার নগরজীবন বিপর্যস্ত
শ্রাবণের সারা দিনের বৃষ্টিতে গতকাল মঙ্গলবার কুমিল্লার নগরজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। মুষলধারে বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে। এতে ঈদের আগে সংস্কার হওয়া সড়কগুলোর পিচ উঠে যায়। ফলে আগের চেহারায় ফিরে আসে সড়কগুলো। নগরবাসী পড়েন দুর্ভোগে। বৃষ্টির কারণে যানবাহন-সংকটেও পড়েন যাত্রীরা।
গতকাল সকাল থেকেই টানা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে অফিসগামী যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হয়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনও ছিল কম। ফলে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ভাড়া দিয়েই কর্মস্থলে পৌঁছেন অফিসগামীরা।
সরেজমিনে দেখা গেছে, রানীরবাজারে খোয়া ও পিচ উঠে গিয়ে ডোবার সৃষ্টি হয়েছে। তার ওপর সড়কে কাদাপানি জমে একাকার হয়ে গেছে। তবে সারা দিনে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা জানতে আবহাওয়া অফিসে একাধিকবার ফোন করা হলেও কেউ ধরেননি।
রাজগঞ্জ বাজারের সবজি বিক্রেতা ফজলুল হক বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন তরকারি প্রতি কেজিতে অন্যান্য দিনের তুলনায় ১০ টাকার মতো কমে বিক্রি করা হয়েছে। মাছের দামও ছিল কম।