সারা দেশে আজ ওষুধের দোকানে ধর্মঘট
বৈধ ও অবৈধ ওষুধ এবং লাইসেন্স স্থগিত করা কোম্পানির তালিকা প্রকাশসহ আট দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)।
সমিতির অন্য দাবির মধ্যে আছে: অন্যায়ভাবে নেওয়া ওষুধ ও জরিমানার টাকা ফেরত, জব্দ করা ওষুধের তালিকা সমিতিকে দেওয়া, অননুমোদিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখা বন্ধ, তল্লাশি অভিযানের সময় সমিতির প্রতিনিধি উপস্থিত থাকা, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে ৮০০ টাকার ঊর্ধ্বে জরিমানা না করা।
বিসিডিএসের কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, গত সোমবার সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আট দফা দাবি ঔষধ প্রশাসনের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। দাবি পূরণে মহাপরিচালককে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ থাকবে। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকা ও জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি ওষুধের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমতি ছাড়া আমদানি করা ওষুধ এবং খাদ্য সম্পূরক বিক্রির অভিযোগে ১০৩ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী। এর প্রতিবাদে রোববার ওষুধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন।
বিসিডিএসের সভাপতি সাদেকুর রহমানের দাবি, নিয়ম অনুযায়ী জরিমানা করা সংশ্লিষ্ট দোকানিকে জব্দ তালিকা দিতে হবে। কিন্তু সেটা দেওয়া হয়নি। পরে এসব ওষুধ খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়।