সারা দেশে আজ জামায়াতের বিক্ষোভ
সারা দেশে আজ বুধবার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। ভারতকে ‘একতরফা ও অন্যায্য’ বিদ্যুতের করিডর দেওয়া এবং তিস্তাসহ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গত রোববার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। তবে কখন, কোথায় বিক্ষোভ কর্মসূচি হবে, বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থকে বিবেচনায় না নিয়ে সরকার ভারতকে একতরফা বিদ্যুৎ করিডর দিয়েছে। এর মাধ্যমে কৃষিজমি নষ্ট, কৃষকদের ক্ষতিগ্রস্ত এবং অর্থনীতিকে ধ্বংস করার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, টিপাইমুখ বাঁধ সমস্যা, তিনবিঘা করিডর, ছিটমহল ও অপদখলীয় সম্পত্তি হস্তান্তরসহ আরও অনেক চুক্তির বাস্তবায়ন এবং ন্যায্য পাওনা আদায়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।