জামায়াতে ইসলামীর ডাকে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল। দলের আমির মতিউর রহমান নিজামীকে ‘হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে’ জামায়াত এ হরতালের ডাক দেয়। হরতালের আগেই গতকাল বুধবার রাতে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে একটি মাছবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হাসপাতাল ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ‘গঙ্গাস্নানের’ জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতিতে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীরা আজ গঙ্গাস্নান করবেন। হিন্দু সম্প্রদায়ের অনুরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
হরতালের সমর্থনে গতকাল সকালে রাজধানীর মগবাজারে জামায়াত এবং খিলগাঁও, জুরাইন, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির। রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে মাছবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুনে ট্রাকের ক্যাবিনেট পুড়ে গেছে। ট্রাকচালক আবদুস সালাম জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে ট্রাকে মাছ বোঝাই করে তাঁরা ঢাকায় যাচ্ছিলেন। বাইপাস সড়কের আশরাফের মোড়ে পৌঁছালে ট্রাকের সামনে আগুন ছুড়ে মারে দুর্বৃত্তরা। তাঁরা দ্রুত ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করেন। নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন নূর জানান, ট্রাকের মালিক পক্ষ থেকে মামলা হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীতে বিএনপির হরতাল: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ফেনী জেলা বিএনপি আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, ‘ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সরোয়ারকে যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা এবং পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ এ হরতাল কর্মসূচি দেওয়া হয়।
গতকাল জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল সফল করার জন্য ১৯ দলের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিবিরের কর্মসূচি: ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির আজ ৬ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীসহ সব মহানগর, শহর, জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা।
এ ছাড়া রয়েছে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী ছাত্র সংবর্ধনা, বৃত্তি প্রদান, মেধাবী ও দরিদ্র ছাত্রদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান প্রভৃতি। এসব কর্মসূচি পালন করতে সরকার ও পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছে শিবির।