সারা দেশে আটক আরও ৬০০
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিন ঘিরে সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ৬০০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। গত রোববার রাতে ও গতকাল সোমবার শুধু রাজধানী থেকেই ৪২৭ জনকে এবং দেশের অন্যান্য স্থান থেকে ১৬৮ নেতা-কর্মীকে আটক করা হয়। নাশকতার অভিযোগ ও সহিংসতার আশঙ্কায় রাজধানীসহ দেশের ১২টি জেলার ১৫টি স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল রাত ১০টা পর্যন্ত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ৪২৭ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এঁদের মধ্যে ১৭৫ জনকে ঢাকা মহানগর পুলিশ আইনে এবং ২২৮ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। ৬৯ জনকে এক থেকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
দেশের অন্যান্য স্থান থেকে ১৬১ জনকে আটকের খবর পাওয়া গেছে। গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদসহ বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাতে কেরানীগঞ্জ উপজেলা জামায়াতের নেতা আবদুর রাজ্জাককে আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কদমতলী থেকে কামরাঙ্গীরচর থানার জাসাসের আহ্বায়ক মো. মামুনসহ তিনজনকে আটক করে। নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে আটক করা হয় তিনজনকে।
চট্টগ্রামের সাতকানিয়া পৌর-সভার চরপাড়া এলাকায় গতকাল ভোরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা-শেখপাড়া ওয়ার্ডের জামায়াতপন্থী কাউন্সিলর জয়নাল আবেদিনসহ ১৩ জনকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে সাতজন জামায়াত-শিবির ও ছয়জন বিএনপির নেতা-কর্মী বলে পুলিশ জানায়।
বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের ঠেংগারগাঁথি আদর্শ গ্রাম থেকে রোববার রাতে বিএনপির চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া, শেরপুরের ভবানীপুর বাজার এলাকা থেকে চরমপন্থী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনাজপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ কর্মীকে গতকাল ভোরে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এদের মধ্যে ১০ জন জামায়াত-শিবিরের এবং ১৬ জন বিএনপির।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল জামায়াতের গয়হাট্টা ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে এবং ঈশ্বরদীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে যৌথ বাহিনী।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় রোববার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোসহ আরও কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। বড়লেখা উপজেলা থেকে গতকাল ভোরে মো. সেলিম ও আবদুল হেকিম নামে জামায়াতের দুই কর্মী এবং কুলাউড়ায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের রামপাল থেকে আবু তাহের (৪২) নামের জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ ডিসেম্বর সন্ধ্যায় রামপালের ফয়লা বাসস্ট্যান্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত কর্মী আবু তালেবকে (৬০) গতকাল বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ নিয়ে রোববার রাত থেকে গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত জামায়াত-বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে রোববার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে আটক করা হয়। এঁদের মধ্যে বিএনপির ২২ ও জামায়াত-শিবিরের ১৭ জন। এ ছাড়া, চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়।
লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ কমলনগর উপজেলায় অভিযান চালিয়ে ছয়, সদর উপজেলা থেকে এক, রামগঞ্জ উপজেলা থেকে এক এবং রামগতি থেকে একজনকে গ্রেপ্তার করে।