সারা দেশে আন্দোলন-প্রতিবাদ চলছেই
মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গতকাল মঙ্গলবারও সাধারণ মানুষের কাতারে দলে দলে যোগ দিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শাহবাগের চলমান আন্দোলন নিয়ে বিকৃত সংবাদ উপস্থাপন করার অভিযোগে কয়েকটি মুদ্রণ ও সম্প্রচারমাধ্যমকে বয়কটের ঘোষণাও দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা ঘোষণা করে বেসরকারি চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেব্ল অপারেটররা। সকাল থেকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় এই চ্যানেলের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এদিকে শাহবাগের আন্দোলন নিয়ে কোনো টিভি চ্যানেল বিকৃত সংবাদ প্রচার করলে সেই টিভি চ্যানেলেরও প্রচার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।ঠাকুরগাঁও: সকালে নাগরিক কমিটির আহ্বানে আর্ট গ্যালারির মোড়ে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিসৌধ অপরাজেয় একাত্তরের সামনে এই কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা, গড়েয়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও পরিবারের সদস্যরা এই দাবি জানান।মাদারীপুর: দুপুরে শিবচরে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ রেখে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিবচরের দত্তপাড়া বাসস্ট্যান্ডে স্থানীয় ইলিয়াছ আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দত্তপাড়া টিএন একাডেমির শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। এ সময় বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়লে পুলিশ প্রশাসনের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে।ময়মনসিংহ: সোমবার রাতে গণজাগরণের মঞ্চ থেকে জামায়াত-সমর্থিত মুদ্রণ ও সম্প্রচারমাধ্যম বয়কট করার ঘোষণার পর গতকাল সকালে বেশ কিছু সংবাদপত্র পোড়ানো হয়। সকাল সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে শহরের স্টেশন রোডে অবস্থিত সংবাদপত্র এজেন্ট বুক সেন্টারে গিয়ে আমার দেশ, নয়া দিগন্ত, ইনকিলাব ও সংগ্রাম পত্রিকায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।সরিষাবাড়ী (জামালপুর): প্রজন্ম সরিষাবাড়ীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মাঠের গণজাগরণ মঞ্চ থেকে লাগাতার গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের আট শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।জগন্নাথপুর (সুনামগঞ্জ): উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রোয়াইল উচ্চবিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে গণজাগরণ মঞ্চে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শাহবাগের আন্দোলন যত দিন চলবে তত দিন এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। গ্রামের সিরাজুল হক (৮০) বলেন, ‘শাহবাগে যাওয়ার টাকা নেই। কিন্তু হূদয়টা পড়ে আছে শাহবাগেই। তাই গ্রামেই আন্দোলন শুরু করেছি।’