বিএনপির নেতৃত্বাধীন জোটের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ও রাজধানীর মহাসমাবেশকে কেন্দ্র করে গত শুক্রবার ও গতকাল শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৬৫১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন ২২৫ জন আর সারা দেশে ৪২৬ জন।বিএনপির নেতারা বলছেন, কর্মসূচি বানচাল করতে পুলিশের এ অভিযান চলছে। পুলিশি অভিযানের কারণে জোটের নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছেন না।পুলিশের ভাষ্যমতে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।বুধবার থেকে গতকাল পর্যন্ত রাজধানীর ৪১ থানায় গ্রেপ্তারের সংখ্যা প্রায় এক হাজার। আর সারা দেশে এই সংখ্যা ৭৮৪ জন। সাকল্যে গ্রেপ্তারের সংখ্যা এক হাজার ৭৮৪ জন।পুলিশসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:চট্টগ্রাম: নগরের বিভিন্ন এলাকা থেকে চারদলীয় জোটের ৩৪ কর্মী ও সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।নোয়াখালী: শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সুধারামে ছয়জন, হাতিয়ায় দুই, কোম্পানীগঞ্জে দুই, সুবর্ণচরের চরজব্বারে দুই, কবিরহাটে দুই, বেগমগঞ্জে তিন, সেনবাগে এক, চাটখিলে দুই এবং সোনাইমুড়ীতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।মাগুরা: পুলিশ জানায়, বিভিন্ন মামলার আসামি হিসেবে পুলিশ শুক্রবার ও শনিবার মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পাঁচজনকে ৩৪ ধারা এবং দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। অন্যরা বিভিন্ন মামলার আসামি। বিএনপির দাবি, তাদের ৩০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।পাবনা: শুক্রবার ও শনিবার জেলার চার উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দিয়ে গত চার দিনে পাবনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪১।পটুয়াখালী: পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় পুলিশ শুক্রবার রাতে ও গতকাল অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।নারায়ণগঞ্জ: শুক্রবার ও শনিবার নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৫০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।চাঁদপুর: জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি আসাদ উল্যাহসহ বিএনপি ও জামায়াতের ৫২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।গাজীপুর: শুক্রবার রাতে ও গতকাল গাজীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জয়দেবপুর থানার পুলিশ ১০ জন, টঙ্গী থানার পুলিশ চারজন, কালীগঞ্জ থানার পুলিশ চারজন এবং শ্রীপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।দেবীদ্বার (কুমিল্লা): গত দুই দিনে কুমিল্লার দেবীদ্বার, চান্দিনা ও মুরাদনগর উপজেলা থেকে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের ২১ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।জামালপুর: জামালপুর সদর থানার পুলিশ গত শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জেসমিন আক্তার বলেন, জামালপুর শহর বিএনপির প্রচার সম্পাদক শহীদুর রহমানসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিবিরের উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম।বরগুনা: বরগুনায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। আটক করা ব্যক্তিদের মধ্যে জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম, বেতাগী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসনাইন মোহাম্মদ রাজীব রয়েছেন।বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথ থানার পুলিশ শুক্রবার দিবাগত রাতে ও গতকাল পৃথক অভিযানে যুবদল ও ছাত্রদলের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদও রয়েছেন।ময়মনসিংহ: ময়মনসিংহ শহর ও ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে বিএনপি ও ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।সিলেট: শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত সিলেটে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়া থানা ছাত্রদলের সহসভাপতিসহ বিএনপির ৩০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।সন্দ্বীপ (চট্টগ্রাম): শুক্রবার দিবাগত রাত ও গতকাল পুলিশ বিএনপি ও জামায়াতের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।এ ছাড়া শুক্রবার দিবাগত রাত ও গতকাল বরগুনার আমতলী থেকে বিএনপি ও ছাত্রদলের আট কর্মী, কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে যুবদলের স্থানীয় দুই নেতা, ফরিদপুরে বিএনপির তিন নেতা-কর্মী, পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয়জন, জয়পুরহাট সদর উপজেলায় শিবিরের দুই কর্মী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পাঁচজন, নেত্রকোনার বারহাট্টা থেকে দুজন, লালমনিরহাট জেলা শিবিরের সভাপতি সিরাজুল ইসলামসহ দুজন, সিরাজগঞ্জের এনায়েতপুরে দুজন এবং কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।