সারা দেশে উপজেলা চেয়ারম্যানদের মানববন্ধন
১০ দফা দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ গতকাল সোমবার সারা দেশে মানববন্ধন করেছে। দাবি বাস্তবায়িত না হলে চেয়ারম্যানরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এসব দাবির মধ্যে বিদ্যমান আইনে উপদেষ্টা-সংক্রান্ত ১ ও ২ ধারা সম্পূর্ণ বাতিল এবং ভাইস চেয়ারম্যানদ্বয়ের পৃথক আবাসন ও পরিবহনের ব্যবস্থা করা অন্যতম। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গতকাল দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চারঘাট উপজেলার চেয়ারম্যান আবু সাঈদ, মোহনপুরের হাবিবুর রহমান, তানোরের এমরান আলী প্রমুখ। মানববন্ধনে রাজশাহীর নয়টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন।জয়পুরহাট: শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান রাস্তার পাশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। পরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক। বক্তব্য দেন পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, পাঁচবিবি উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আসমা বেগম ও পাঁচবিবির নাসরিন আক্তার।পঞ্চগড়: পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত ও ভাইস চেয়ারম্যান কাজল রেখা বক্তব্য দেন।