সারা দেশে ওএমএসের চাল বিক্রি শুরু ১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গ, ঢাকা মহানগরে ২৫ ডিসেম্বর থেকে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়, ওএমএসের চাল বিক্রির জন্য ঢাকা মহানগরে ট্রাকের সংখ্যা ৬০টি থেকে বাড়িয়ে ১৫০-এ উন্নীত করা হবে। এ ছাড়া প্রতিটি বিভাগীয় শহরে ২৫ এবং জেলা শহরে ১০টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি উপজেলায় পাঁচজন ডিলারের মাধ্যমে পাঁচ টন চাল বিক্রি করা হবে। এ ছাড়া ১ জানুয়ারি থেকে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে ১১ লাখ পরিবারের প্রত্যেকের কাছে ১০ কেজি গম ও ১০ কেজি চাল বিক্রি করা হবে। বৈঠকে আরও জানানো হয়, দেশে বর্তমানে ২০৩ মেট্রিক টন ধান, পাঁচ লাখ ৭২ হাজার ৪৬৯ মেট্রিক টন চাল এবং দুই লাখ ৩০ হাজার ১১২ মেট্রিক টন গমসহ মোট আট লাখ দুই হাজার ৭৮৪ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে।কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, আকরাম হোসেন চৌধুরী, জাফর আলী ও মোজাহার আলী প্রধান উপস্থিত ছিলেন।