সারা দেশে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট ১২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ ব্যবসায়ীরা আগামী ১২ ডিসেম্বর সারা দেশে অধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছেন। ওষুধ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের লাইসেন্স ফি অস্বাভাবিক বাড়ানোর প্রতিবাদে, লাইসেন্স নবায়নে বিলম্বের জরিমানার ক্ষেত্রে বিভিন্ন মেয়াদ (স্লাব) ও ফার্মেসি নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে তাঁরা এই ধর্মঘটের ডাক দেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রধান কার্যালয়ে গত সোমবার সভা শেষে নেতারা এই ঘোষণা দেন। সভাপতি সাদেকুর রহমানের নেতৃত্বে মিটফোর্ড রোডে সমিতির প্রধান কার্যালয়ে এই সভা হয়। এতে সমিতির ভাইস প্রেসিডেন্ট আবদুল হাই ও হারুন-উর-রশিদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দিন আলীসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সভায় সমিতির উপসচিব এস এম মনির হোসেন বলেন, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দাবিগুলো মানা না হলে ১২ ডিসেম্বর সারা দেশে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ওষুধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করবেন। এতেও তাঁদের দাবি আদায় না হলে পরে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।নেতারা বলেন, আগে শহর পর্যায়ে খুচরা দোকানির কাছ থেকে দুই বছর অন্তর লাইসেন্স ফি বাবদ এক হাজার ৩০০ টাকা নেওয়া হতো। কিন্তু বর্তমানে তা বাড়িয়ে দুই হাজার এবং গ্রামাঞ্চলে ৬৫০ টাকার স্থলে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাইকারি পর্যায়ে নতুন ড্রাগ লাইসেন্স ফি তিন হাজার ৭৫০ থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, নবায়ন ফি তিন হাজার ২৫০ থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। সভায় নেতারা বলেন, সারা দেশে ছয় লাখের বেশি লাইসেন্সবিহীন ওষুধের দোকান রয়েছে। সেগুলোকে আইনের আওতায় নিয়ে ড্রাগ লাইসেন্স দেওয়া হোক। দেশে ফার্মেসি কাউন্সিল পরীক্ষা বন্ধ রয়েছে। বর্তমানে ছয় হাজারের বেশি ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার অপেক্ষায় আছেন। এ কারণে লাইসেন্স নবায়নের সংকট সৃষ্টি হয়েছে।পাশাপাশি ওষুধ ব্যবসায়ীদের পূর্বে নির্ধারিত ১৫ শতাংশ কমিশন বৃদ্ধি করে ৩০ শতাংশ করার দাবি জানান তাঁরা। তাঁরা বলেন, আগে লাইসেন্স নবায়ন করতে বিলম্ব ফি তিন ধাপে আদায় করা হতো। তিন মাস, ছয় মাস ও এক বছরের বিলম্ব ফি নির্ধারণ করা ছিল। কিন্তু বর্তমানে নবায়ন করতে বিলম্ব ফি ধার্য করা হয়েছে দ্বিগুণ। এতে কোনো সময়ও দেওয়া হয়নি। বিষয়টি তাঁরা অসাংবিধানিক ও অযৌক্তিক বলে দাবি করেন।