সারা দেশে গ্যাস সরবরাহ বাড়লেও কমেছে চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গ্যাসের উৎপাদন দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট আর চট্টগ্রামে সরবরাহ পাচ্ছে মাত্র ১৮০ মিলিয়ন ঘনফুট। অথচ যখন দেশের মোট উৎপাদন এক হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট ছিল, তখন চট্টগ্রামে সরবরাহ ছিল ২৮০ মিলিয়ন ঘনফুট। চট্টগ্রামে গ্যাসের চাহিদা বর্তমানে ৪০০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে সরকারি মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ছয় মাস ধরে বন্ধ রয়েছে। পাঁচ মাস বন্ধ থাকার পর আগস্টের প্রথম সপ্তাহে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রেখে চালু করা হয়েছে বহুজাতিক মালিকানাধীন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)। গ্যাসস্বল্পতার কারণে গতকাল রোববার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাউজান ১ নম্বর ইউনিট। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পরও চট্টগ্রামে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহ সংকটের কারণে গতকাল রোববার দুপুর নাগাদ নগরের পাহাড়তলী ও সীতাকুণ্ড শিল্প এলাকার শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শহরের বাসাবাড়িতে সকাল থেকে গ্যাসের চাপ কম ছিল। ফলে অনেকের রান্না করতে দীর্ঘ সময় লেগেছে।কেজিডিসিএলের এক কর্মকর্তা (রেজাউল করিম চৌধুরী, উপমহাব্যবস্থাপক, বিপণন) প্রথম আলোকে বলেন, সিইউএফএল চালু রাখতে চট্টগ্রামের ১৮৩টি শিল্পকারখানায় পালা করে গ্যাস বন্ধের (স্ট্যাগারিং) জন্য নোটিশ দেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। কাজেই আমরা বলে দিয়েছি, যেখান থেকেই হোক গ্যাস দিয়ে সার কারখানা চালু করতে হবে।’ চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়াতে হলে আরও একটি পাইপলাইন স্থাপন করতে হবে। এ জন্য অনেক সময় লাগবে। ফলে গ্যাস উৎপাদন বাড়লেও চট্টগ্রামবাসীর সে সুফল পেতে সময় লাগবে। সর্বশেষ গত শুক্রবার থেকে চট্টগ্রামে অতিরিক্ত ১৫ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস দেওয়ার জন্য পেট্রোবাংলা থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় গ্রিডে সমস্যার কারণে গতকাল গ্যাস সরবরাহ উল্টো কমে যায়। শনিবার রাতে জাতীয় গ্রিড থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। কর্ণফুলী গ্যাস কোম্পানির কর্মকর্তারা বলেছেন, চট্টগ্রামের বর্তমান গ্যাস পরিস্থিতি আরও উন্নত করতে হলে আশুগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের নতুন একটি পাইপলাইন স্থাপন করতে হবে।