সারা দেশে গ্রেপ্তার আরও ১৮৯
বিএনপির নেতৃত্বাধীন জোটের ঢাকার মহাসমাবেশ ঘিরে গত রবি ও গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ১০৯ জনকে। রাজধানীর বাইরে গ্রেপ্তার করা হয় ৭৯ জনকে।এ নিয়ে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত সারা দেশে প্রায় তিন হাজার জনকে গ্রেপ্তার করা হলো।পুলিশসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: জেলার বিভিন্ন স্থানে গত রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের আরও ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। টঙ্গীতে ১০ জন, জয়দেবপুরে চারজন, কালিয়াকৈরে দুজন, কালীগঞ্জে দুজন ও কাপাসিয়ায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে জেলায় প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হলো।নোয়াখালী: রোববার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে বিএনপির ১২ জন ও জামায়াতের একজন। এ নিয়ে গত চার দিনে জেলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হলো।সাতক্ষীরা: রোববার রাতে সাতক্ষীরায় জামায়াতের চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের মজনু সরদার, গাভা গ্রামের আবদুর রহিম, শিকড়ির আবদুর রউফ ও আবদুল হামিদ। পুলিশ জানায়, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জে রিজু কাজী নামে বিএনপির একজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফুকরা গ্রামে।মানিকগঞ্জ: রোববার রাতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৩৯ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়। সদর উপজেলা থেকে ২০ জন, শিবালয় থেকে ১০ জন, সিঙ্গাইর থেকে ছয়জন ও দৌলতপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ নিয়ে তিন দিনে এ জেলায় ১০৮ জন গ্রেপ্তার হলো। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁদের আটক করা হয়।