সারা দেশে জামায়াতের নিরুত্তাপ হরতাল
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হর তালের প্রথম দিন নিরুত্তাপ কাটলেও দ্বিতীয় দিন গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। পুলিশও ছিল আগের দিনের তুলনায় মারমুখী। লক্ষ্মীপুরে মুখ্য বিচারিক হাকিমের গাড়িতে হরতাল-সমর্থকেরা হামলা চালায়। এ নিয়ে পুলিশ ও হরতালকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের নেতার নেতৃত্বে হরতাল-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর ও রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর-ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় শিবিরের কর্মীরা পিকেটিং করছিলেন। বেলা দুইটার দিকে লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিম আওলাদ হোসেন ভূঁইয়া ওই পথ দিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় শিবিরের উত্তেজিত কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। হাকিমের সঙ্গে থাকা পুলিশের সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এসে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলে। সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ জামায়াত-শিবিরের ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সরকারদলীয় কর্মীরা শিবিরের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ ছাড়া রামগতি-লক্ষ্মীপুর সড়কের রামগতির চর ডাক্তার বুড়াকর্তার আশ্রম এলাকায় দুপুরে হরতাল-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হন।
নোয়াখালী: চাটখিলে দুপুরে যুবলীগ হরতালবিরোধী মিছিল করে। মিছিলের পরপরই পৌর শপিং কমপ্লেক্স ভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এতে পথচারীসহ পাঁচজন আহত হন। সেনবাগে পুলিশ শিবিরের চার কর্মীকে আটক করেছে।
কুমিল্লা: সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জে কুমিল্লা-নোয়াখালী সড়কে অবস্থান নেন জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা ফয়েজগঞ্জে পৌঁছালে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৮ জন আহত হন।
চট্টগ্রাম: নগরের চামড়া গুদাম এলাকায় সকালে ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল ফাটান শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। চন্দনপুরায় জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিভিন্ন উপজেলা থেকে গতকাল জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা: শহরের অদূরে কদমতলা মোড়ে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এ সময় আটটি ককটেল ফাটানো হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আটজনকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর সাহাপুর নতুনহাট গোলচত্বর এলাকায় মঙ্গলবার রাত আটটার দিকে স্থানীয় যুবলীগের কর্মী বিল্লালের মোটরসাইকেল থামানো নিয়ে জামায়াতের কয়েকজন কর্মীকে মারধর করেন যুবলীগের কর্মীরা। পরে শিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে বিল্লালের মালিকানাধীন একটি স মিলে হামলা চালান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ: শহরের বালুবাগান এলাকায় দুপুরে পুলিশকে লক্ষ্য করে সাতটি ককটেল ছোড়ে পিকেটাররা। জবাবে পুলিশও ১৫টি রাবার বুলেট ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কিছুক্ষণ পর আরামবাগ এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে আরও দুটি ককটেল ফাটানো হয়। এদিকে মঙ্গলবার পৌর এলাকার শিবতলা মোড়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ফাটানোর ঘটনায় পুলিশ মামলা করেছে।
রাজশাহী: রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনের সামনে সকালে শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।
নীলফামারী: হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে জলঢাকা ও সৈয়দপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুর: র্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে কারমাইকেল কলেজের পাশে নগরের দর্শনা মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি পেট্রলবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। নগরের মাহিগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়েছে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলা শহরে অন্তত চারটি যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা। ফাঁসিতলা মাস্তা নামক এলাকায় আগুন দেওয়া হয় একটি পিকআপ ভ্যানে।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজারে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল কাদেরের নেতৃত্বে জামায়াতের কর্মী আবু হানিফ ও আবদুল মান্নানের দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়।
খুলনা: নগরের বসুপাড়া ও মহিরবাড়ির খাল পাড় এলাকায় পিকেটিংয়ের চেষ্টাকালে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
মংলা (বাগেরহাট): মংলা বন্দরের শিল্প এলাকার পাওয়ার হাউস ও হোলসিম সিমেন্ট ফ্যাক্টরির সামনের মহাসড়কে সকালে ঝটিকা মিছিল বের করে হরতালকারীরা।
মেহেরপুর: মঙ্গলবার হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় জামায়াতের পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। সদর থানায় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাহাজ উদ্দিনসহ ৮০০ নেতা-কর্মীকে আসামি করা হয়। আর গাংনীতে উপজেলা জামায়াতের আমিরসহ চার হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের তেলকুপি এলাকায় ভোরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। বহুলি বাজারে নছিমন ভাঙচুরকালে র্যাব এক পিকেটারকে আটক করে।