সারা দেশে জামায়াতের বিক্ষোভ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের আমির, সেক্রেটারি জেনারেল ও একজন নায়েবে আমিরের গ্রেপ্তারকে অন্যায় আখ্যা দিয়ে এর প্রতিবাদে আজ বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। নেতারা দাবি করেছেন, দলের মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলা করা হয়েছে। তবে রফিকুল ইসলাম সেদিন কী বলেছিলেন—তা নিয়ে কিছু বলতে রাজি হননি জামায়াতের নেতারা।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন দলের নির্বাহী কমিটির নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেন।মকবুল আহমাদ বলেন, গত ১৭ মার্চ মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সিরাতুন্নবী মাহফিল উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছিল। এতে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বক্তব্য দেন। রফিকুল ইসলাম খানের একটি বক্তব্যের ভুল উদ্ধৃতি দিয়ে জামায়াতের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ, নায়েবে আমির সাঈদী ও রফিকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলা করা হয়। মকবুল আহমাদ বলেন, ‘শিবিরের ওই অনুষ্ঠানে নিজামী ও মুজাহিদ সাহেব উপস্থিত ছিলেন না। আজ (গতকাল) অন্যায়ভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি শিবিরের নেতা আবু সালেহ ইয়াহিয়া আজ (গতকাল) আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। জামায়াতের নেতারাও কাল আদালতে হাজির হয়ে জামিন নেবেন।’রফিকুল ইসলামের যে বক্তব্য বিকৃত করে মামলা করা হয়েছে, সে বক্তব্যে তিনি সেদিন আসলে কী বলেছিলেন—জানতে চাইলে জামায়াতের নেতারা স্পষ্ট করে কিছু বলেননি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার বলেন, ‘এটা আজকের ইস্যু না।’ যে বক্তব্যের ভিত্তিতে করা মামলায় জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হয়েছেন, সেটা কেন ইস্যু হবে না—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এ টি এম আজহার বলেন, ‘আপনি প্রশ্ন করেছেন, জবাব দিয়েছি। সব জবাব তো মনঃপুত হবে না।’এ টি এম আজহার দাবি করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার যে মামলা করা হয়েছে, তাতে সব প্রক্রিয়া মানা হয়নি। এ ধরনের মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া হয়নি।