সারা দেশে জামায়াতের বিক্ষোভ সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল এবং কারাবন্দী শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করে তা সফল করতে দেশবাসীসহ দলের সব শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে শফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগে বিচারের নামে প্রহসন করছে। দেশবাসী বিচারের নামে এই প্রহসন কখনোই মেনে নেবে না। জামায়াতের এই নেতা বলেন, দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাড়ি ও যানবাহনের ভাড়া, কৃষি ও শিল্পের উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।