সারা দেশে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ মাহফিল, শোকযাত্রা, কাঙালিভোজ, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির আয়োজন করে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: সকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা ও কাঙালিভোজ হয়।মাদারীপুর: দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। পরে কাঙালিভোজের আয়োজন করা হয়। পুরানবাজার শহীদ মিনার মাঠে মিলাদ মাহফিল হয়। নীলফামারী: সকালে জেলা ছাত্রদল শহরে শোকযাত্রা বের করে। বিএনপির কার্যালয়ে কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মেহেরপুর: সকালে মেহেরপুর টাউন হলে জেলা বিএনপির আয়োজনে স্মরণসভা হয়। পৌর বিএনপির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংসদ আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সাংসদ মাসুদ অরুণ ও জাহাঙ্গীর বিশ্বাস। পরে শহরে একটি শোকযাত্রা বের হয়। এ ছাড়া শহরের হোটেল বাজারে কাঙালিভোজের আয়োজন করা হয়।এদিকে বিএনপির অপর পক্ষ দুপুরে শহরের মুখার্জিপাড়ার কার্যালয়ে স্মরণসভা করে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, আলমগীর হোসেন, রেজাউল হক প্রমুখ। পরে আমঝুপি নীলকুঠি চত্বরে কাঙালিভোজের আয়োজন করা হয়।চুয়াডাঙ্গা: সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের পাশে জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এম জেনারেল ইসলাম, সরদার আলী হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা ও আবু জাফর মন্টু। বেলা ১১টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির (একাংশ) সভাপতি অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার আবদুল জব্বার, নাজমুল হক, সিরাজুল ইসলাম প্রমুখ।মাগুরা: বেলা ১১টায় শহরের শহীদ মিন্টু সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়। একই সময়ে বিএনপির অপর অংশ স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করে। পরে শহরে একটি শোকযাত্রা বের করা হয়।