সারা দেশে ডায়রিয়ার প্রকোপ, ভোলায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত সাত দিনে ঢাকার বাইরে ২৪টি জেলায় ছয় হাজার ৬৫১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভোলায় গত রোববার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ডায়রিয়ার প্রকোপ বাড়ায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে। তবে ঢাকার বাইরে এখনই অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হচ্ছে না। এদিকে রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) ৬৩৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। রোববার ৮৯৭ জন ডায়রিয়ার রোগী এই হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) গতকাল ২৪টি জেলার ডায়রিয়া পরিস্থিতির তথ্য পাওয়া যায়। এসব জেলায় রোববার এক হাজার ১০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই তথ্যে দেখা গেছে, ঢাকার বাইরে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার বেশি যশোরে। যশোরের আটটি উপজেলায় গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়। রোববার এ সংখ্যা ছিল ১২৫। নওগাঁর ১১টি উপজেলায় গত সাত দিনে ভর্তি হয়েছে ৬০০ জন।তথ্য অনুযায়ী গত এক মাসে এসব জেলায় প্রায় ২৫ হাজার ডায়রিয়ার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪টি জেলায় ৩৯টি উপজেলাকে ডায়রিয়ায় দুর্গত উপজেলা হিসেবে গণ্য করছে অধিদপ্তর। ভোলা জেলার সাতটি উপজেলা ডায়রিয়ায় দুর্গত, যা দেশের সবচেয়ে বেশি। ভোলায় গত সাত দিনে ৪২৯ জন ডায়রিয়ার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) দিবস চন্দ্র দে প্রথম আলোকে বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে। পানির সংকটের কারণে এ সমস্যা তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় চিকিৎসকদের দল তৈরি করে কাজ করার জন্য সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর নির্ভর করছে সরকার। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, ‘রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি। এ কারণে রাজধানীর চিকিৎসাসেবায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমরা আইসিডিডিআরবির ওপর নির্ভরশীল। রাজধানীতে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র খোলা হবে।’