সারা দেশে ঢিলেঢালা হরতাল সংঘর্ষ ও ভাঙচুর, গ্রেপ্তার ২৩
জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে ডাকা গতকাল মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সিলেট ও নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি এলাকায় যানবাহনে ভাঙচুর চালানো হয়। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত জামায়াত-শিবির ও বিএনপির ২৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: সকালে কবিরহাট উপজেলা সদরে ঝটিকা মিছিল বের করেন শিবিরের কর্মীরা। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে একটি ককটেলসহ শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শহরের দত্তেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। আগের রাতে জামায়াত-শিবিরের পাঁচজন ও বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট: সকাল ছয়টার দিকে নগরের সোবহানীঘাট এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পরে শাহজালাল উপশহর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ট্রাফিক ডিভাইডার ভেঙে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় একটি ট্রাকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। নগরের কুমারপাড়ায় একটি ট্রাক, শাহী ঈদগাহে সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
চট্টগ্রাম: শিবিরের কর্মীরা সকালে নগরের চকবাজার এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকে আগুন দেন। শহরতলির আমানবাজার এলাকায় যাত্রীবাহী রাইডারে ককটেল ছুড়ে মারেন তাঁরা। এতে এক শিক্ষিকা আহত হন।
রাজশাহী: গতকাল হরতাল চলাকালে পবায় গাড়িতে আগুন দেওয়ার সময় এক যুবককে স্থানীয় লোকজন আটক করে। যুবকের নাম আবু সাইদ (১৯)। তিনি দামকুড়াহাট কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র। তাঁর বাবার নাম জাহাঙ্গীর হোসেন। বাড়ি পবা উপজেলার নতুন মধুপুর গ্রামে।
জয়পুরহাট: সকালের দিকে খনজনপুর রাস্তার কুঠিবাড়ি সেতু এলাকায় রাস্তায় বিক্ষোভ করার সময় সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাকিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। হাকিকুল ৩ মার্চ খনজনপুর বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার আসামি।
চাঁদপুর: বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন শিবিরের কর্মীরা। জেলার বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যার পর থেকে গতকাল ভোর পর্যন্ত জেলা জামায়াতের আমির আবদুর রহিম পাটোয়ারীসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে হরতাল-সমর্থকেরা বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা বানিয়াগাঁতীতে উত্তরবঙ্গগামী চারটি পণ্যবাহী ট্রাকে ভাঙচুর চালান। বেলা ১১টার দিকে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ১০ জন আহত হন।
নীলফামারী: ডোমারে পুলিশের ওপর হামলা মামলার এক আসামি এবং সৈয়দপুরে হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় সোমবার রাতে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনা: সকালে নগরের টুটপাড়া এলাকায় ও খালিশপুরে পৃথক মিছিল এবং গল্লামারীতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিবিরের নেতা-কর্মীরা।