সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ এবং কুমিল্লা ও মাইজদী কোর্ট এলাকায় একই অবস্থা অব্যাহত থাকবে।

রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ অঞ্চল, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দ্রুত ঘনীভূত ও নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে এগোতে পারে। পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।

চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল কিছুটা কম, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।