সারা দেশে দৈনিক গড়ে ১৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। বছরে মরছে পাঁচ হাজারের অধিক মানুষ। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই কর্মক্ষম। দুর্ঘটনার কারণে জানমালের যে ক্ষতি হয়, তা দিয়ে তিন বছর পরপর একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব।মহাখালী বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে চালকদের জন্য সচেতনতামূলক সম্মেলনে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সম্মেলনের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার সব মহাসড়ক চার লেনে উন্নীত করে মাঝখানে ডিভাইডার দেওয়ার উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক বলেন, ঢাকায় ২০ বছরের পুরোনো বাস-ট্রাক চলতে দেওয়া যাবে না। তিনি এ জন্য তিনটি ডাম্পিং স্টেশন তৈরি করার দাবি জানান যোগাযোগমন্ত্রীর কাছে।বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান প্রমুখ।