সারা দেশে দ্বিতীয়, বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সারা দেশে দ্বিতীয় হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। জেএসসি পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ হলেও কুমিল্লা শিক্ষা বোর্ডে এই হার ৯১ দশমিক ২৫ শতাংশ।কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ গতবারের চেয়ে অনেক বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬২৪ জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯৬ জন শিক্ষার্থী।পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। বরাবরের মতো এবারও শহরের নামকরা ও সরকারি বিদ্যালয়গুলো ভালো করেছে। এবার ৩৩৪টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছে। কোনো বিদ্যালয়ে শূন্যভাগ পাসের হার নেই। গতকাল বুধবার প্রকাশিত ফল বিবরণীতে ওই তথ্য পাওয়া গেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৯২ হাজার ৯১৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৬ জন। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ২৪ ও মেয়েদের ৮৯ দশমিক ৮০ শতাংশ। এক হাজার ১৭৭ জন ছেলে ও এক হাজার ২১৯ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।শিক্ষা বোর্ডে এবার চতুর্থ হয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, ‘গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের নজরদারি বেড়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকেরা পড়াশোনার ব্যাপারে বেশ সচেতন হওয়ায় এ অর্জন এসেছে। গ্রামের ফল ভালো হওয়ায় সার্বিকভাবে পাসের হার বেড়েছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে কুমিল্লা বোর্ডে গ্রামের চারটি বিদ্যালয় শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে ঠাঁই পেয়েছিল। এবার ওই প্রতিষ্ঠানগুলো নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব। এবার সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুরের হাসান আলী উচ্চবিদ্যালয় শীর্ষ তালিকায় নেই। গত বছর প্রতিষ্ঠানটি শীর্ষ তালিকায় ছিল। তবে এবার কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল ও ইস্পাহানী কলেজ শীর্ষ তালিকায় এসেছে।’এর কারণ প্রসঙ্গে পরিদর্শক সোমেশ বলেন, ইংরেজি ও গণিতে দক্ষ শিক্ষকের অভাব থাকায় গ্রামের বিদ্যালয়গুলো জিপিএ-৫ কম পেয়েছে, যে কারণে তারা শীর্ষস্থানে নেই।সার্বিক ফল সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আমীর আলী চৌধুরী বলেন, ‘পাসের হার ও জিপিএ-৫ বাড়লেও পড়াশোনার মান বেড়েছে কি না, সেটা এখন বোঝা যাবে না। এ জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো ফল করা শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারলেই ওদের অর্জন সার্থক হবে।’ফলাফলে সন্তোষ প্রকাশ করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘শিক্ষার্থীরা যে ফল করেছে তাতে আমি মহাখুশি। শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এ ফল হয়েছে। বোর্ড থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার মান উন্নয়নে পর্যবেক্ষণ ও সচেতনতা বাড়ানো হয়েছে।’